এসআইআর চলাকালীন প্রতিদিন নতুন নতুন ঘটনা সামনে আসছে। কেউ বহু বছরের হারানো ছেলেকে ফিরে পেয়েছে , কোনো ছেলে আবার তার হারানো বাবাকে ফিরে পেয়েছে। তবে বনগাঁর রবীন্দ্রনাথ বিশ্বাসের ঘটনাটি আরো বেশি চমকপ্রদ । এসআইআরের কারণে তিন সন্তানের বাবা জানতে পারে তার আরও দুটো পুত্র রয়েছে । ওই দুই পুত্রের নাম কাটাতে বিডিওর কাছে অভিযোগ জানিয়েছে রবীন্দ্রনাথ বিশ্বাস।
বনগাঁর দক্ষিণ বিধানসভার ১৯১ নম্বর পার্টের বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাস। তার ইতিমধ্যে তিনটি পুত্র রয়েছে , তাদের নাম নয়ন বিশ্বাস, অয়ন বিশ্বাস ও সায়ন বিশ্বাস । স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে তার ৫ জনের পরিবার। তবে বিএলও তাদের বাড়িতে ৭ জনের ফর্ম দিয়েছেন। বাকি দুই ছেলের নাম রাজু বিশ্বাস ও বিশু বিশ্বাস। এরপর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারে। রবীন্দ্রনাথের নাম ব্যবহার করে তারা ভোটার কার্ড বানিয়েছে বলে অভিযোগ তার। সেই দুইজনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বিডিওর কাছে অভিযোগ জানিয়েছে রবীন্দ্রনাথ।
রবীন্দ্রনাথ জানিয়েছে, রাজু ও বিশু নামে সে কাউকে চেনে না , আর ওই নামে তাদের এলাকাতেও কেউ থাকে না। তিনি বলেন , “বিডিও আমাকে এসআইআরের সাতটি ফর্ম দেন। আমি দেখি, রাজু ও বিশু নামে দু’জন আমাকে বাবা দেখিয়ে ভোটার কার্ড করিয়েছেন। আমি অবাক হয়ে যাই। আমাদের পাঁচজনের ফর্ম রেখে বাকি দুটি ফর্ম বিএলও-কে ফিরিয়ে দিই।”







