সরকারি স্কুলে পঠনপাঠনের স্বাভাবিক পরিবেশ বজায় রেখে কী ভাবে শিক্ষকদের জনগণনার কাজে যুক্ত করা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। একসঙ্গে বিপুল সংখ্যক শিক্ষককে গণনার কাজে পাঠানোর বদলে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক শিক্ষককে বেছে নিয়ে দায়িত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছে আদালত। স্কুলের পঠনপাঠন এবং জনগণনার মতো গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব—দুইয়ের মধ্যে কী ভাবে ভারসাম্য রাখা যায়, সে বিষয়ে রাজ্য সরকারের কাছে জবাব চেয়েছে আদালত।
‘স্কুল করবেন, না সেন্সাস?’ আদালতের প্রশ্ন
শুনানির সময় আদালত প্রশ্ন তোলে, “শিক্ষকেরা স্কুলের দায়িত্ব সামলাবেন, না সেন্সাসের কাজ করবেন?” আদালতের পর্যবেক্ষণ, বিকেল ৪টে পর্যন্ত স্কুলে ক্লাস নেওয়ার পর শিক্ষকদের অনেক ক্ষেত্রেই দূরের এলাকায় জনগণনার কাজে পৌঁছতে হতে পারে। স্কুল থেকে কাজের জায়গা দূরে হলে নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছনো যথেষ্ট কঠিন হয়ে উঠবে। তার উপর রবিবার ছাড়া অন্য ছুটির দিনও কার্যত নেই। ফলে স্কুলের সম্পূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষকদের উপর অতিরিক্ত ভাবে জনগণনার দায়িত্ব চাপানো কতটা বাস্তবসম্মত, তা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে আদালত।
শিক্ষক ঘাটতি এড়াতে রোটেশনের প্রস্তাব
শিক্ষকদের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, তাঁরা জনগণনার দায়িত্ব পালনে রাজি। তবে সেই সময়টিকে ‘অন ডিউটি’ হিসেবে বিবেচনা করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে একসঙ্গে অনেক শিক্ষককে এই কাজে যুক্ত করা হলে স্কুলের স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরা হয়।
এই পরিস্থিতি সামাল দিতে বিকল্প ব্যবস্থার কথা বলেছে হাইকোর্ট। আদালতের প্রস্তাব, প্রতিটি স্কুল থেকে সব শিক্ষককে একসঙ্গে না পাঠিয়ে ৫-৬ জনকে বেছে নিয়ে জনগণনার দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রয়োজন অনুসারে তাঁদের রোটেশন পদ্ধতিতে বা এক দিন অন্তর কাজে লাগানো হলে একদিকে যেমন গণনার কাজ চলবে, অন্যদিকে স্কুলের পড়াশোনাও পুরোপুরি বন্ধ হবে না।
শিক্ষার অধিকার ও প্রশাসনিক সমন্বয়ের প্রশ্ন
শুনানিতে শিক্ষার অধিকার বা ‘রাইট টু এডুকেশন’ আইনের বিষয়টিও উঠে আসে। আদালতের বক্তব্য, আইনে নির্দিষ্ট বিধান থাকলেও জনগণনার মতো গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব পালনের জন্য রাজ্যকে বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনিক ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে অর্ধদিবসের দায়িত্ব বা নির্দিষ্ট সংখ্যক শিক্ষককে বাছাই করে কাজ দেওয়ার মাধ্যমে শিক্ষা এবং সরকারি দায়িত্ব—দুইয়ের মধ্যে সমন্বয় করা প্রয়োজন।
রাজ্যের তরফে আদালতকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। এরপর মামলাটির পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার পর্যন্ত মুলতুবি করেছে কলকাতা হাইকোর্ট।







