উত্তর জাপানের বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী এক ভূমিকম্প। রিখটার স্কেলে ৭.৫ মাত্রার এই প্রলয়ঙ্কারী কম্পনে একাধিক প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ও আতঙ্ক ছড়িয়েছে। সোমবার গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করা হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় এবং জরুরি ভিত্তিতে শুরু হয় সাধারণ মানুষকে সরিয়ে নেওয়ার কাজ।
জাপান আবহাওয়া সংস্থা (JMA) ভূমিকম্পের তীব্রতা ৭.৫ বলে নিশ্চিত করেছে, যা মূলত ৭.৬ মাত্রার প্রাথমিক রিপোর্টের পর সংশোধন করা হয়। কম্পন এতটাই দীর্ঘস্থায়ী ছিল যে হোক্কাইডো এবং টোহোকু অঞ্চলের নাগরিকদের স্মার্টফোনে বিপদ সংকেত বাজতে শুরু করে।ভূমিকম্প আঘাত হানার মুহূর্তের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হাচিনোহে এবং তাকিজাওয়া থেকে আসা ফুটেজে দেখা যায়, অ্যাকোয়ারিয়ামগুলি তীব্রভাবে দুলছে, কাঁচ ভেঙে যাচ্ছে এবং ওপরের তলা থেকে জল পড়ছে ‘জলপ্রপাতের মতো’। আওয়াজ ও আতঙ্কে বাসিন্দারা শীত উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে আসেন।
প্রাথমিক তথ্যে আওমোরি, হোক্কাইডো এবং সংলগ্ন অঞ্চলগুলিতে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। অনেকেই মাথায় কিছু পড়ার ফলে আঘাত পেয়েছেন। একটি গাড়ি রাস্তার ফাটলে পড়ে যায় এবং বেশ কিছু ভবনের বাইরের অংশে দৃশ্যমান ক্ষতি হয়েছে। ভূমিকম্পের ফলে ইয়াতে-র কুজি বন্দরে ৭০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ আছড়ে পড়ে। আওমোরি এবং হোক্কাইডোতে ছোট ঢেউ রেকর্ড করা হয়েছিল। যদিও প্রথমদিকে ৩ মিটার পর্যন্ত ঢেউ আসার সতর্কতা জারি করা হলেও মঙ্গলবার সকালের দিকে তা ধীরে ধীরে প্রত্যাহার করা হয়।
প্রায় ২৮,০০০ এর বেশি বাসিন্দাকে জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি থাকায় কিছু কিছু আশ্রয় শিবিরে দ্রুত ভিড় জমে যায়। আওমোরিতে প্রায় ২,৭০০ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল, যদিও পরে তা পুনরুদ্ধার করা হয়। ভূমিধসের আশঙ্কায় টোহোকু শিনকানসেন লাইনের কিছু অংশে বুলেট ট্রেনের পরিষেবা স্থগিত রাখা হয়। হোক্কাইডোর নিউ চিতোসে বিমানবন্দরে প্রায় ২০০ জন যাত্রী আটকা পড়েছিলেন। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি একটি জরুরি টাস্ক ফোর্স সক্রিয় করেছেন এবং বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
ভূমিকম্পের পরই জাপানের আবহাওয়া সংস্থা একটি ‘মেগাquake’ সতর্কতা জারি করেছে। আগামী সপ্তাহে হোক্কাইডো থেকে চিবা পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেড়েছে বলে জানানো হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পের ঝুঁকি সামান্য বেড়ে যাওয়ায় ১৮২টি পৌর এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। ২০১১ সালের ৯.০ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পের স্মৃতি মাথায় রেখেই এই সতর্কতা জারি করা হয়েছে।







