সারা ভারতের মানুষের জন্য আজ সত্যিই এক আবেগঘন দিন। দেশের অন্যতম প্রধান এবং আধ্যাত্মিক উৎসব দীপাবলি-কে আজ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) তাদের ‘মানবতার ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর প্রতিনিধি তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই ঐতিহাসিক ঘোষণার কথা জানিয়েছেন। তিনি বলেন, এই স্বীকৃতি প্রতিটি ভারতবাসীর হৃদয়ে আনন্দের জোয়ার এনেছে। মন্ত্রীর কথায়, দীপাবলি কেবল একটি উৎসব নয়, এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে আমরা অনুভব করেছি, বেঁচে থেকেছি এবং নিজেদের মধ্যে ধারণ করেছি। তিনি আরও জোর দিয়ে বলেছেন যে, ইউনেস্কোর এই সম্মান কেবল একটি স্বীকৃতি নয়, বরং এটি আমাদের সকলের জন্য একটি বড় দায়িত্ব। এই দায়িত্ব হল নিশ্চিত করা যে দীপাবলি যেন একটি জীবন্ত ঐতিহ্য হিসেবে ভবিষ্যতের জন্য সুরক্ষিত থাকে।
এই অন্তর্ভুক্তির ফলে ভারত আন্তর্জাতিক মহলে তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও একবার তুলে ধরতে পারল। দীপাবলির আলো শুধু দেশের নয়, এখন থেকে তা আনুষ্ঠানিকভাবে বিশ্ব মঞ্চের ঐতিহ্যের আলো হিসেবে গণ্য হবে।







