কলকাতা হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিল—প্রেমের সম্পর্ক থাকলেও নাবালিকা কখনওই যৌনসম্মতি দিতে পারে না। এমনকি কোনও অবস্থাতেই তার দেওয়া সম্মতি গ্রহণযোগ্য নয়। পকসো আইনের আওতায় হওয়া এক মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রাখেন। আদালত জানায়, নির্যাতিতার বয়ান ও ডিএনএ পরীক্ষার রিপোর্টে অভিযোগ প্রমাণিত হলে অতিরিক্ত কোনও প্রমাণের প্রয়োজন হয় না।
মামলাটি শুরু হয় বহু বছর আগে। অভিযোগ অনুযায়ী, ২০১৪ সালে এক নাবালিকা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। দুই বছর পরে, ২০১৬ সালে প্রেমিকের সঙ্গে সহবাস করে সে। অভিযোগ, প্রথমে সম্পর্কের সম্মতি থাকলেও পরে নাবালিকার আপত্তি উপেক্ষা করে অভিযুক্ত একাধিকবার জোরপূর্বক যৌনমিলন করে। এর ফলে নাবালিকা গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত পিতৃত্ব অস্বীকার করে। শেষ পর্যন্ত নারকেলডাঙা থানায় নাবালিকার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হয়।
নিম্ন আদালতে বিচার চলার পর অভিযুক্তকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেওয়া হয়। এই আদেশের বিরোধিতা করে হাই কোর্টে আবেদন জানায় অভিযুক্ত। তার দাবি ছিল—মেয়েটির বয়স নিয়ে সন্দেহ আছে এবং প্রেমের সম্পর্ক থাকায় সহবাসে সম্মতি ছিল। কিন্তু আদালত এই যুক্তিকে প্রত্যাখ্যান করে বলে, আইনের চোখে নাবালিকার সম্মতি অর্থহীন এবং তা ব্যবহার করে অপরাধকে বৈধ করা যায় না।
ফলে নিম্ন আদালতের নির্দেশ বহাল রেখে হাই কোর্ট অভিযুক্তের যাবজ্জীবন কারাবাসের রায় নিশ্চিত করে। পাশাপাশি স্টেট লিগাল সার্ভিস অথরিটিকে নির্যাতিতাকে ১ লক্ষ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তকে আরও ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যদি সে বর্তমানে জামিনে মুক্ত থাকে, তাহলেও তাকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত।







