নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার পরই বদল এসেছে নানা নিয়মে। সেই সূত্র ধরেই পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবে প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়ার প্রস্তাব পাঠাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিকাশ ভবনের সবুজ সংকেত পেলেই কার্যকর হবে এই সিদ্ধান্ত। সংসদ সূত্রে জানা গিয়েছে, তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের চূড়ান্ত পরীক্ষায় নির্দিষ্ট লেখার সময় অপরিবর্তিত রাখলেও প্রশ্ন হাতে পাওয়ার সময় এগিয়ে আনা হবে ৯টা ৫০ মিনিটে।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত হবে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা। তৃতীয় সেমেস্টারের পরীক্ষাও ওই একই সময়ে চলবে, তবে দুপুর ১টা থেকে সওয়া দু’টো পর্যন্ত। পুরোনো পরীক্ষার্থীদের পরীক্ষার সূচিতেও থাকবে পুরোনো নিয়মই। বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংসদ স্পষ্ট জানিয়েছে, চূড়ান্ত সেমেস্টারে ব্যাখ্যামূলক প্রশ্নের আধিক্যের কারণে পড়ুয়াদের প্রশ্নপত্র পড়তে কিছুটা সময় লাগবেই, তাই সেই সুবিধার দিকেই নজর দেওয়া হয়েছে।
তবে পড়ুয়া ও শিক্ষকদের একাংশের দাবি, প্রশ্ন পড়ার অতিরিক্ত সময়ের চেয়ে লেখার সময় বাড়ানোই ছিল আরও জরুরি। সম্প্রতি শেষ হওয়া তৃতীয় সেমেস্টারে বিশেষত হিসাবশাস্ত্র, রসায়ন ও অঙ্কের পরীক্ষায় সময়ের অভাবে অনেকেই উত্তর সম্পূর্ণ করতে পারেননি বলে অভিযোগ উঠেছিল। বিজ্ঞান বিভাগের ছাত্র অভীক দত্ত বলেন, “আগের পদ্ধতিতেও ১০ মিনিট সময় দেওয়া হত। কিন্তু আমাদের সমস্যাটা প্রশ্ন পড়ার নয়, লেখার। দুই ঘণ্টায় সব অঙ্ক শেষ করা খুব কঠিন।” একই মত রসায়নের শিক্ষক অশোক ভট্টাচার্যেরও। তাঁর কথায়, “অতিরিক্ত ১০ মিনিট লেখার সময়ে যোগ হলে পরীক্ষার্থীরা বাস্তবিক সুবিধা পেত।”
তবুও শিক্ষা সংসদ স্পষ্ট জানিয়েছে, আপাতত লেখার সময়সীমা বাড়ছে না। তৃতীয় সেমেস্টার হবে ১ ঘণ্টা ১৫ মিনিট এবং চতুর্থ সেমেস্টার ২ ঘণ্টা—যেমন ছিল, তেমনই থাকবে। নতুন নিয়ম কার্যকর হলে প্রশ্নপত্র পড়ার জন্য পাওয়া অতিরিক্ত সময় কিছুটা হলেও পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাবে, এমনটাই আশা সংশ্লিষ্ট মহলের।







