দুবাইয়ের আকাশছোঁয়া রিয়েল এস্টেট বাজারে ফের একবার নজর কাড়লেন বলিউডের কিং খান শাহরুখ। শেখ জায়েদ রোডে সদ্য উদ্বোধন হওয়া আড়ম্বরপূর্ণ বাণিজ্যিক বহুতল ‘শাহরুখজ বাই দানিয়ুব’ উদ্বোধনের পরদিনই সৃষ্টি করল রেকর্ড। মাত্র একদিনের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে এই প্রকল্পের সমস্ত ফ্ল্যাট, যার মূল্য মোট প্রায় পাঁচ হাজার কোটি টাকা।
গত মাসেই ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহরুখ খান। দানিয়ুব গ্রুপের উদ্যোগে নির্মিত এই প্রকল্পের লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হয় দুবাই এক্সিবিশন সেন্টারে, যেখানে উপস্থিত ছিলেন খোদ কিং খান, সঙ্গে ছিলেন মালাইকা অরোরা, ফারহা খান-সহ আরও অনেকে। মঙ্গলবার রাতে দর্শকে ঠাসা সেই অনুষ্ঠানে প্রকল্পের কর্ণধার রিজওয়ান সজন ঘোষণা করেন— বুকিং শুরু হতেই প্রথম দিনের মধ্যেই সব ইউনিট বিক্রি শেষ। এই সাফল্যকে তিনি অভূতপূর্ব বলে বর্ণনা করেন।
মঞ্চে দাঁড়িয়ে এমন সম্মানের মুহূর্তে আবেগ চেপে রাখতে পারেননি শাহরুখ। তিনি বলেন, “আমার নামে তৈরি একটি বহুতল, আর সেখানকার সমস্ত ফ্ল্যাট মানুষ প্রথম দিনেই কিনে নিল! সত্যিই আমি আপ্লুত। দুবাই সবসময়ই আমাকে দু’হাতে ভালোবাসা দিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল আর-এক অবিশ্বাস্য প্রাপ্তি।”
গত কয়েক বছরে দুবাইয়ের বিভিন্ন রিয়েল এস্টেট প্রকল্পে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত রয়েছেন শাহরুখ। মধ্যপ্রাচ্যে তাঁর জনপ্রিয়তা যথেষ্ট, তবে নিজের নামাঙ্কিত বহুতলের এমন সাফল্য তাঁর ক্যারিয়ারে নিঃসন্দেহে বাড়তি পালক যোগ করল। দানিয়ুব গ্রুপের পক্ষ থেকেও জানানো হয়েছে— শাহরুখের উপস্থিতি প্রকল্পটিকে আন্তর্জাতিক স্তরে বাড়তি গ্রহণযোগ্যতা এনে দিয়েছে।
এই বহুতল সম্পূর্ণ বিক্রি হওয়ায় বর্তমানে দুবাইয়ের রিয়েল এস্টেট বাজারে তৈরি হয়েছে আলোড়ন। জনপ্রিয়তা, বিনিয়োগ নিরাপত্তা এবং শাহরুখের ব্র্যান্ড ভ্যালু— তিনে মিলে ‘শাহরুখজ বাই দানিয়ুব’ এখন মধ্যপ্রাচ্যের রিয়েল এস্টেট জগতের নতুন সাফল্যের প্রতীক।







