বিশ্বকাপে বাংলাদেশ বিতর্ক যেন কিছুতেই থামছে না । ইতিমধ্যেই টি ২০ বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ । এবার বাদ গেলেন সাংবাদিকরাও ! সূত্রের খবর , বাংলাদেশের সংবাদমাধ্যম গুলি দাবী করছে আইসিসি এর তরফে , তাদের প্রায় ১৫০ জন সাংবাদিককে , বিশ্বকাপে থাকার অনুমতি দেওয়া হয়নি । কার্ড বাতিল করা হয়েছে তাদের ।
বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে খবর , বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন তাদের জানিয়েছেন , “আমি যত দূর জানি, বাংলাদেশি সাংবাদিকদের অনুমতির আবেদন খারিজ করা হয়েছে। এ বছর ১৩০ থেকে ১৫০ জন সাংবাদিক আবেদন করেছিলেন। কেউ অনুমতি পাননি।”
জানা গিয়েছে , পূর্বে যেসব সাংবাদিকরা অনুমতি পেয়েছিলেন , এবার সেই অনুমতিও বাতিল করা হয়েছে। সেরকমই এক সাংবাদিক জানিয়েছেন , “আইসিসি গত ২০ জানুয়ারি ইমেল মারফত আমাকে অনুমতি দিয়েছিল। সেখানে ভিসা সংক্রান্ত অনুমতিও ছিল। কিন্তু ২৬ জানুয়ারি, আরও একটা ইমেল করে সেই অনুমতি বাতিল করা হয়েছে।”
বাংলাদেশের এক বরিষ্ঠ সাংবাদিক , আরিফুর রহমান বাবু , যিনি ১৯৯৬ সালের বিশ্বকাপ থেকে প্রতিটি আইসিসি প্রতিযোগিতায় গিয়েছেন , তিনিও এবিষয়ে বলেন , “যদি দল না-ও খেলে তা হলেও আইসিসির পূর্ণ সদস্য ও সহযোগী সদস্য দেশের সাংবাদিকদের অনুমতি দেওয়া হয়। কেন আমাদের অনুমতি দেওয়া হল না, সেটাই বুঝতে পারছি না। আমি অবাক হচ্ছি। এই সিদ্ধান্তের প্রতিবাদ করছি।”







