ভাইরাল

সন্তান হারানোর সাড়ে তিন মাস পর নীরবতা ভাঙলেন সোহিনী, পাহাড়ের ছবিতে মাতৃত্বের না বলা আর্তি

সন্তান হারানোর গভীর ক্ষতের সঙ্গে লড়াই করে সাড়ে তিন মাস পর সমাজমাধ্যমে ফিরলেন ইনফ্লুয়েন্সার সোহিনী গঙ্গোপাধ্যায়। পাহাড়ে ভ্রমণের কিছু ছবি পোস্ট করে দীর্ঘ আবেগঘন ক্যাপশনে তিনি তুলে ধরেছেন তাঁর মাতৃত্বের না বলা যন্ত্রণা, শোক ও অস্তিত্বের লড়াই।

গত আগস্ট মাসে মৃত সন্তান প্রসবের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে যায়। চিকিৎসকের গাফিলতির অভিযোগ ওঠে, যদিও পরে চিকিৎসকের তরফে পাল্টা দাবি করা হয়। সেই ঘটনার পর ২ সেপ্টেম্বর স্বামীর সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছিলেন সোহিনী। এরপর দীর্ঘ সময় তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

সোমবার, প্রায় সাড়ে তিন মাস পর পাহাড় ও ঝরনার মাঝে তোলা ছবিতে দেখা গেল সোহিনীকে। স্বামীর সঙ্গেও রয়েছে কয়েকটি ছবি। তবে ছবির আড়ালের গল্প ফুটে উঠেছে ক্যাপশনের প্রতিটি লাইনে। সেখানে তিনি লিখেছেন, সন্তানকে নিয়ে শেষ কথোপকথনের স্মৃতি, গর্ভাবস্থার ন’মাসের অনুভূতি, আর সেই শূন্যতার কথা, যা আজও তাঁকে তাড়া করে ফেরে।

সোহিনীর লেখায় উঠে এসেছে—কীভাবে সন্তানকে না দেখতে পাওয়ার যন্ত্রণা তাঁকে প্রতিনিয়ত ভেঙে দেয়, আবার কীভাবে সেই অস্তিত্বই তাঁকে বাঁচিয়ে রাখে। তিনি জানিয়েছেন, এখনও সম্পূর্ণ সুস্থ হননি, শারীরিক ও মানসিক পুনরুদ্ধারে সময় লাগছে। ‘গড়িয়ে পড়া বুকের দুধ’, ‘শূন্য দোলনা’, ‘পেটের সেলাই’—এই প্রতীকী শব্দগুলির মধ্য দিয়েই তিনি প্রকাশ করেছেন এক মায়ের অপূর্ণ মাতৃত্বের যন্ত্রণা।

তবে বিষাদের মাঝেও রয়েছে টিকে থাকার চেষ্টা। প্রকৃতির কোলে প্রথম হাসির মুহূর্তের কথাও ভাগ করে নিয়েছেন সোহিনী। তাঁর পোস্টে স্পষ্ট—এই ফিরে আসা কোনও উৎসব নয়, বরং এক মায়ের নিঃশব্দ স্বীকারোক্তি। যন্ত্রণার সঙ্গে সহাবস্থান করেই এগিয়ে চলার চেষ্টা, এইটুকুই এখন তাঁদের চাওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.