পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার অন্তর্গত আলীকষা গ্রাম পঞ্চায়েতের চকজল পানালিয়া খালের ধারে বুধবার উদ্ধার হল একটি মানবদেহের নরকঙ্কাল। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের কয়েকজন বাসিন্দা গরু চরাতে গিয়ে খালের ধারে একটি গাছের গোড়ায় পড়ে থাকা কঙ্কালটি প্রথম দেখতে পান। বিষয়টি নজরে আসতেই আতঙ্ক ছড়ায় এলাকায়। এরপরই দাঁতন থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে দাঁতন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর কঙ্কালটি পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। ফরেনসিক পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই কঙ্কালটির পরিচয় এবং মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।
এদিকে স্থানীয়দের একাংশের দাবি, গত দুর্গাপুজোর সময় এলাকার এক শিক্ষক রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। উদ্ধার হওয়া কঙ্কালটি তাঁরই হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে পুলিশ এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছে গোটা অঞ্চল।







