বিনোদন

গানমুক্তির মঞ্চেই হেনস্থা! থিকথিকে ভিড়ে অস্বস্তিতে নিধি আগরওয়াল, তীব্র নিন্দা নেটদুনিয়ায়

হায়দরাবাদে একটি ছবির গানমুক্তির অনুষ্ঠান ঘিরে চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন অভিনেত্রী নিধি আগরওয়াল। জনপ্রিয় তেলুগু অভিনেতা প্রভাসের বিপরীতে আসন্ন ছবি ‘রাজা সাব’-এর গান প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। কিন্তু অনুষ্ঠানের আনন্দময় পরিবেশ মুহূর্তের মধ্যেই বদলে যায় বিশৃঙ্খল ভিড় ও অনিয়ন্ত্রিত আচরণের জেরে। প্রকাশ্যে আসা একটি ভিডিয়ো ঘিরে এখন তীব্র সমালোচনার ঝড় নেটমাধ্যমে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানস্থলের মূল দরজা থেকে গাড়ি পর্যন্ত পৌঁছতে কার্যত চিঁড়েচ্যাপ্টা অবস্থার মধ্যে পড়েন নিধি। ছবি তোলার জন্য ভিড়ের একাংশ এতটাই কাছে চলে আসেন যে স্পষ্টতই অস্বস্তিতে পড়েন অভিনেত্রী। কেউ তাঁর গায়ের ওড়নায় টান দিচ্ছেন, কেউ আবার জোর করে সেলফি তুলতে চাইছেন। নিরাপত্তার অভাবে দিশাহারা অবস্থায় অভিনেত্রীকে এগোতে দেখা যায়। শেষমেশ গাড়িতে উঠে নিজের পোশাক ঠিক করতে দেখা যায় তাঁকে—চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।

ঘটনাটি নিয়ে প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। নেটাগরিকদের একাংশের দাবি, অভিনেত্রীকে গাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকদের একাংশও ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ফলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই ঘটনায় হায়দরাবাদের দর্শকদের একাংশের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। কেউ কেউ এই আচরণকে ‘শকুনের মতো’ বলে কটাক্ষ করেছেন।

একজন মহিলা শিল্পীর প্রতি এমন আচরণ যে কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে মত সমাজের বিভিন্ন স্তরের মানুষের। বিনোদনের অনুষ্ঠান হলেও শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা আয়োজকদের দায়িত্ব—এই ঘটনাকে কেন্দ্র করে ফের সেই প্রশ্নই উঠে এল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.