ফের নন্দীগ্রামের মাটি থেকে সিপিএমের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে তৃণমূলকেও নিশানা করেছেন তিনি। তবে বামফ্রন্টের সমালোচনা করলেও প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত সততার প্রশংসা শোনা গেল তাঁর মুখে। শুভেন্দুর কথায়, “বুদ্ধবাবু ভালো মানুষ ছিলেন, কিন্তু দলটা ভালো ছিল না।”
উল্লেখ্য, ২০০৭ সালের ১০ নভেম্বর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জমি আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলি চালানোর ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বেশ কয়েকজন। সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর থেকেই ১০ নভেম্বর দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করা হয়। মঙ্গলবার নন্দীগ্রামে সেই শহিদ দিবসের কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সেখান থেকেই বাম সরকারের ভূমিকা নিয়ে সরব হন তিনি। শুভেন্দু বলেন, “২০০৭ সালের ১০ নভেম্বরের পর রক্তাক্ত সূর্যোদয় হয়েছিল। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাই। তাঁর নাম উচ্চারণ করব না, কারণ তিনি প্রয়াত হয়েছেন।” এরপরই ব্যক্তিগত জীবনে বুদ্ধদেব ভট্টাচার্যের সততার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “উনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ মানুষ ছিলেন। কয়েকদিন আগে ওঁর সহধর্মিনী অসুস্থ হয়েছিলেন। আমি তাঁকে দেখতে গিয়েছিলাম।”
এরপর অতীতের ঘটনার প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “প্রয়াত মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন, ‘They have been paid back by their own coin’। অনেকেই ভি চিহ্ন দেখিয়েছিলেন। এখনও অশীতিপর বিমানবাবু বেঁচে রয়েছেন। তাঁকে শ্রদ্ধা জানিয়েই বলছি, সেই সময় বলা হয়েছিল নন্দীগ্রামে নতুন সূর্য উঠেছে। আজ ১০ নভেম্বর। দেখতে দেখতে ১৯ বছর পেরিয়ে গিয়েছে। সেদিনও নিজের সংকল্পে অবিচল ছিলাম, আজও রয়েছি।”
প্রসঙ্গত, এই প্রথমবার নয়, এর আগেও বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত সততা ও সদিচ্ছার প্রশংসা করতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। অতীতে তিনি বলেছিলেন, “আমি ওঁর আমলেই প্রথম বিধায়ক হয়েছিলাম। ওঁর ব্যক্তিগত সদিচ্ছা ছিল। তবে ওঁর কাজের পদ্ধতিতে অনেক খামতি ছিল। তিনি যা বলতেন, আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে তা হারিয়ে যেত।”







