ভাঙড় ফের রক্তাক্ত। বৃহস্পতিবার রাতে নৃশংসভাবে খুন হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ। চালতাবেড়িয়ার এই নেতা দীর্ঘদিন ধরে ছিলেন বিধায়ক সওকত মোল্লার ঘনিষ্ঠ।
স্থানীয় সূত্রে খবর, রাতে বাড়ি ফিরছিলেন রাজ্জাক খাঁ। তখনই বিজয়গঞ্জে আততায়ীদের হামলা। একের পর এক গুলি চালানো হয় তাঁর উপর। মাটিতে লুটিয়ে পড়ার পর নিশ্চিত মৃত্যুর জন্য ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে দুষ্কৃতীরা।
ঘটনার পর রাতেই পৌঁছন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। ভাঙড় থানার এক কিলোমিটারের মধ্যেই ঘটেছে হামলা। পুলিশ কুকুর নিয়ে চলছে তদন্ত। জেরা করা হয়েছে রাজ্জাক খাঁ-র সঙ্গে থাকা দুই কর্মীকেও।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই খুন ছিল পরিকল্পনামাফিক। আততায়ীরা দীর্ঘদিন ধরেই নজরে রেখেছিল তৃণমূল নেতাকে।
এদিকে খুনের পর থেকেই রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের কর্মীরা ইঙ্গিত করছেন, ‘নৌশাদ ঘনিষ্ঠরা এই হামলার নেপথ্যে’। পাল্টা আইএসএফ-এর দাবি, “তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বেই এই খুন।”
পঞ্চায়েত ভোটের সময় থেকেই উত্তপ্ত ভাঙড় ফের রক্তাক্ত একবছর পর বিধানসভা ভোটের আগে। রাজনৈতিক হিংসায় মৃত্যু আরও এক তৃণমূল নেতার।







