খেলাধুলা

খালিদ জামিল যুগের সূচনা, দেশীয় কোচেই ভরসা এআইএফএফের

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় ফুটবলের হাল ধরলেন খালিদ জামিল। মানোলো মার্কেজ়ের বিদায়ের পর ফাঁকা পড়ে থাকা জাতীয় দলের কোচের পদে দেশের অভিজ্ঞ ও সফল কোচকেই বেছে নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। শুক্রবার সমাজমাধ্যমে এক পোস্টে খালিদের নাম সরকারি ভাবে ঘোষণা করে ফেডারেশন। দেশের মাটিতে তৈরি প্রথম এএফসি প্রো-লাইসেন্সধারী কোচ হিসেবে এবার জাতীয় দলের দায়িত্বভার হাতে তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ পেলেন তিনি।

স্টিফেন কনস্টানটাইন বা স্টেফান তারকোভিচের মতো বিদেশি প্রার্থীর নাম বিবেচনায় থাকলেও শেষমেশ খালিদ জামিলের দিকেই ঝুঁকেছে ফেডারেশন। টেকনিক্যাল কমিটির সুপারিশে এক্সিকিউটিভ কমিটি খালিদের নামেই সিলমোহর দেয়। একদিকে অভিজ্ঞতা, অন্যদিকে দেশের ফুটবলব্যবস্থার সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়—এই দুইয়ের কারণেই খালিদকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি এআইএফএফ-এর আর্থিক সঙ্কটের মধ্যেও দেশীয় কোচ নিয়োগে বাজেট বাঁচানোর কৌশল কার্যকর হলো।

আই লিগ জয়ী আইজল এফসি-র চমক, আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড ও জামশেদপুরে প্রশংসনীয় কোচিং, ইস্টবেঙ্গল-মোহনবাগানের দায়িত্ব সামলানো—এই অভিজ্ঞতাই জাতীয় দলের দায়িত্বে খালিদকে যোগ্য প্রার্থী করে তুলেছে। তার উপরে তিনি দেশের অধিকাংশ ফুটবলারের সঙ্গে কাজ করেছেন, যা দল গঠনে বড় সুবিধা এনে দেবে।

আগামী সেপ্টেম্বরে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচগুলিই হবে কোচ খালিদের প্রথম বড় চ্যালেঞ্জ। এবার দেখার, ঘরোয়া কোচের স্পর্শে ভারতীয় ফুটবলে নতুন গতি আসে কি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.