বছর ঘোরার আগেই দূরপাল্লার ট্রেনের যাত্রীদের জন্য মন খারাপ করা খবর শোনাল ভারতীয় রেল। নতুন বছরের মুখেই ট্রেনের টিকিট কাটতে গিয়ে যাত্রীদের বাড়তি কড়ি গুনতে হবে। রেলের ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বর থেকেই কার্যকর হতে চলেছে বর্ধিত ভাড়ার নয়া কাঠামো। তবে আশার কথা এই যে, লোকাল ট্রেনের ভাড়া বা নিত্যযাত্রীদের মান্থলি টিকিটে আপাতত কোনো কোপ পড়ছে না।
রেল সূত্রে জানা গেছে, মেল এবং এক্সপ্রেস দুই ধরনের ট্রেনের ক্ষেত্রেই ভাড়া বাড়ছে। কিলোমিটার পিছু এই খরচ বাড়তে চলেছে এসি ও নন-এসি উভয় শ্রেণির সংরক্ষিত টিকিটের ওপর। এমনকী সাধারণ বা জেনারেল কামরার টিকিটের দামও বাড়ার সিদ্ধান্ত হয়েছে। নয়া নিয়ম বলছে, জেনারেল বগিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত যেতে বাড়তি টাকা লাগবে না, কিন্তু তার বেশি পথ গেলেই কিলোমিটার প্রতি এক পয়সা করে অতিরিক্ত গুনতে হবে।
অন্যদিকে, মেল বা এক্সপ্রেস ট্রেনের নন-এসি কামরার জন্য কিলোমিটার প্রতি দু’পয়সা করে বাড়তি ভাড়া ঠিক করা হয়েছে। হিসাব বলছে, ৫০০ কিলোমিটার পথ যাতায়াত করতে হলে একজন যাত্রীকে আগের চেয়ে অন্তত ১০ টাকা বেশি দিতে হবে। এসি কামরার ক্ষেত্রেও একই হারে অর্থাৎ কিলোমিটার প্রতি দু’পয়সা করে ভাড়া বাড়ছে।
উল্লেখ্য, এই ২০২৫ সালেই দ্বিতীয়বার ট্রেনের ভাড়া বাড়ানো হলো। এর আগে জুলাই মাসেও একইভাবে কিলোমিটার পিছু ভাড়া বাড়ানো হয়েছিল। রেল কর্তৃপক্ষের আশা, এই নয়া দাম চালু হলে বছরের বাকি সময়ে তাদের ঘরে অতিরিক্ত প্রায় ৬০০ কোটি টাকা আয় আসবে। বড়দিনের ছুটির আমেজ ফুরনোর আগেই এই ভাড়া বৃদ্ধির খবর স্বাভাবিকভাবেই সাধারণ মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।







