২০২৬ সালে উত্তমকুমারের জন্মশতবর্ষ। আর সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আগামী বছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলাই হয়ে উঠতে চলেছে ‘উত্তমময়’। মহানায়ককে কেন্দ্র করে বিশেষ প্রেক্ষাগৃহ-আদলে প্রদর্শনী, স্মৃতিচারণ, বইপ্রকাশ ও আলোচনাচক্র—সব মিলিয়ে বইমেলার অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে এই আয়োজন।
পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের উদ্যোগে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীর দায়িত্বে থাকছে ‘আর্ট অলিন্দ আর্কাইভ’-এর জ্যোতির্ময় ভট্টাচার্য এবং ‘কলকাতা কথকতা’র চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। প্রদর্শনীস্থলকে সাজানো হবে পুরনো দিনের সিনেমা হলের আদলে। সেখানে দেখা যাবে উত্তমকুমারের লেখা চিঠি, চিত্রনাট্য, সিনেমার স্থিরচিত্র, পোস্টার, কাটআউট, টিকিট, এমনকি তাঁর ব্যবহৃত পোশাকও। আবহ নির্মাণে শোনা যেতে পারে প্রেক্ষাগৃহের টিকিট কাটার কোলাহল কিংবা বাংলা ছবির স্মরণীয় গান।
এই প্রদর্শনীতে উত্তমকুমার একা নন—তাঁর আগের প্রজন্মের ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল থেকে শুরু করে পরবর্তী প্রজন্ম এবং ঋতুপর্ণ ঘোষের সময়কালও তুলে ধরা হবে। উদ্দেশ্য একটাই—নতুন প্রজন্মকে বাংলা চলচ্চিত্রের ধারাবাহিক ইতিহাসের সঙ্গে পরিচয় করানো।
বিশেষ আকর্ষণ হিসেবে ‘সপ্তপদী’ ছবির আদলে একটি মোটরবাইক রাখা হবে প্রদর্শনী প্রাঙ্গণে। পাশাপাশি প্রকাশিত হবে ‘দ্য গোল্ডেন মোমেন্টস’ নামে একটি স্মারক গ্রন্থ, যেখানে মহানায়ককে ঘিরে স্মৃতি ও অভিজ্ঞতার দলিল থাকবে।
উত্তমকুমারের পরিবারের পক্ষ থেকেও এই আয়োজনে সহযোগিতা করা হচ্ছে। পরিবারের ব্যবহৃত কিছু স্মারক সামগ্রী প্রদর্শনীতে দেওয়ার কথা জানিয়েছেন তাঁর পুত্রবধূ মহুয়া চট্টোপাধ্যায়। কলকাতা পুরসভার পত্রিকা ‘পুরশ্রী’ও প্রকাশিত হবে মহানায়ককে নিয়ে। এই দুই প্রকাশনার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ জানুয়ারি শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা—আর সেই ক’দিন যেন আবারও ফিরে আসবেন বাংলা ছবির চিরসবুজ মহানায়ক।







