মার্কিন ধনকুবের ও যৌন অপরাধে দোষী সাব্যস্ত জেফ্রি এপস্টেইন সংক্রান্ত নথি ঘিরে যখন আমেরিকার রাজনীতি উত্তাল, সেই বিতর্কের আঁচ এবার পৌঁছল ভারতেও। কংগ্রেসের প্রবীণ নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান দাবি করেছেন, তথাকথিত ‘এপস্টেইন ফাইলে’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রয়েছে। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের স্পষ্ট বিবৃতি দাবি করেছেন তিনি।
শনিবার মহারাষ্ট্রের সাতারায় সাংবাদিক সম্মেলনে পৃথ্বীরাজ চৌহান বলেন, প্রধানমন্ত্রী ছাড়াও ওই নথিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, দেশের এক প্রথম সারির শিল্পপতি অনিল আম্বানি-সহ একাধিক হাই প্রোফাইল ব্যক্তির নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে জনসমক্ষে স্বচ্ছতা প্রয়োজন বলে দাবি কংগ্রেস নেতার।
এই বিতর্কের সূত্রপাত ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে গার্ডিয়ান-এ প্রকাশিত একটি প্রতিবেদনের মাধ্যমে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাক্তন পরামর্শদাতা স্টিভ ব্যানন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্দেশ্যে তিনি জেফ্রি এপস্টেইনের সঙ্গে যোগাযোগ করেন। উল্লেখ্য, এপস্টেইনের গ্রেপ্তারের মাত্র দু’মাস আগের ঘটনা বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।
সানডে গার্ডিয়ানের দাবি অনুযায়ী, ব্যাননের অনুরোধে এপস্টেইন আশ্বাস দেন বিষয়টি দেখবেন এবং পরবর্তীতে একটি ইমেলে ব্যাননকে জানান— “Modi on board”। সংবাদপত্রটি জানিয়েছে, একটি ইমেল সূত্রে তারা এই তথ্য পেয়েছে বলে দাবি।
এই প্রসঙ্গ টেনে পৃথ্বীরাজ চৌহান প্রশ্ন তোলেন, “যদি ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা এপস্টেইনের ঘনিষ্ঠ হয়ে থাকেন, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এপস্টেইনের কী সম্পর্ক ছিল, তা নিয়ে দেশবাসী জানতে চায়। কেন্দ্রীয় সরকারকে এর উত্তর দিতেই হবে।”
উল্লেখ্য, এপস্টেইন ফাইলে মোদির নাম থাকার দাবি এই প্রথম নয়। এর আগে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীও ‘পাবলিক ইন্ডিয়া’ নামে একটি ইউটিউব চ্যানেলে একই ধরনের দাবি করেছিলেন। পাশাপাশি অভিযোগ উঠেছে, ২০১৭ সালে প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের সময় শিল্পপতি অনিল আম্বানি এপস্টেইনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। মার্কিন ওভারসাইট কমিটির কিছু নথির উল্লেখ করে এমন দাবি করা হয়েছে।
এছাড়াও, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে এপস্টেইনের সাক্ষাৎসূচিতে অন্তত পাঁচবার হরদীপ সিং পুরীর নাম ছিল বলেও অভিযোগ উঠেছে। ওই সময় তিনি আন্তর্জাতিক পিস ইনস্টিটিউটের সভাপতি ছিলেন। তবে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, হরদীপ সিং পুরী বা অনিল আম্বানির সঙ্গে এপস্টেইনের সরাসরি সাক্ষাতের কোনও প্রামাণ্য নথি প্রকাশ্যে আসেনি।
প্রসঙ্গত, জেফ্রি এপস্টেইন যৌন হেনস্থা, ধর্ষণ ও নাবালিকা পাচার-সহ একাধিক গুরুতর অপরাধে অভিযুক্ত ছিলেন। অন্তত ৪০ জন মহিলা তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে যৌন হেনস্থার অভিযোগ তোলেন। মামলায় দোষী সাব্যস্ত হয়ে তাঁর ৪৫ বছরের কারাদণ্ড হয়। তবে ২০১৯ সালে নিউইয়র্কের একটি জেলে তাঁর মৃত্যু হয়, যা আত্মহত্যা বলেই সরকারি ভাবে জানানো হয়।
এপস্টেইনের সঙ্গে কোন কোন প্রভাবশালী ব্যক্তির যোগাযোগ ছিল, সে সংক্রান্ত তথ্য আদালতে জমা দিয়েছিলেন ভার্জিনিয়া জিওফ্রে নামে এক নির্যাতিতা। সেই নথিতে বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, মাইকেল জ্যাকসনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের নাম থাকার কথা শোনা গেলেও, এই সমস্ত দাবির পূর্ণাঙ্গ ও স্বাধীন যাচাই এখনও সম্পন্ন হয়নি।
এই পরিস্থিতিতে এপস্টেইন ফাইল ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের মাঝেই নজর এখন কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়ার দিকে।







