কলকাতা

রানার পর এবার ইমরান, তপসিয়ার ফ্ল্যাট থেকে পাকড়াও আইএসআই-চক্রের সহযোগী

কলকাতায় বসেই আইএসআইয়ের নেটওয়ার্ক বিস্তার, জঙ্গিদের স্লিপার সেল তৈরি এবং নাশকতার একাধিক পরিকল্পনা চালানোর ছক ছিল। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেপ্তার হয় চক্রের অন্যতম মূলচক্রী আইএসআই এজেন্ট রানা রউফ। রানার গ্রেপ্তারের পর তদন্ত এগোতেই এবার তার ঘনিষ্ঠ সহযোগী ইমরানকে পাকড়াও করল এসটিএফ। সোমবার তপসিয়ার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, রানা ভারতীয় পাসপোর্ট তৈরির যে চেষ্টা চালাচ্ছিল, তাতে তাকে সাহায্য করছিল ইমরান। এসটিএফ সূত্রে খবর, এই কাজে আরও দু’-তিনজন জড়িত থাকতে পারে। তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।

গত সপ্তাহে হাবড়া থেকে রানা রউফ নামে এক যুবককে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। তদন্তে উঠে আসে, রানা আদতে পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। বড় হওয়ার পর পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যুক্ত হয় সে। ২০১২ সালে ভুয়ো পরিচয় ও নথি ব্যবহার করে ভারতে প্রবেশের আগে বেশ কয়েক বছর নেপালেও ছিল রানা।

অভিযোগ, ভারতে ঢোকার পর ভারতীয় সেনা এবং রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আইএসআইয়ের কাছে পৌঁছে দিত সে। তার কাছে থাকা পাকিস্তানি পাসপোর্টের নম্বরও তদন্তকারীদের হাতে এসেছে। এসটিএফ সূত্রের দাবি, ঢাকা থেকে করাচি যাওয়ার উদ্দেশ্যে বিমানের টিকিট কাটার জন্য ওই পাসপোর্ট আগেই ঢাকায় পাঠিয়ে দিয়েছিল রানা। সেই পাসপোর্ট নম্বরের সূত্র ধরেই তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গোয়েন্দারা।

এদিকে, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরুর আগেই ভারতীয় পাসপোর্ট তৈরির চেষ্টা শুরু করেছিল রানা। সেই কাজে তপসিয়ার বাসিন্দা ইমরান-সহ আরও কয়েকজন তাকে সহযোগিতা করছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। রানার দেওয়া তথ্যের ভিত্তিতেই তপসিয়ার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করে এসটিএফ।

গোয়েন্দাদের দাবি, ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির কাজে যুক্ত ছিল ইমরান। পাশাপাশি কলকাতাকে কেন্দ্র করে জঙ্গিদের জন্য স্লিপার সেল গড়ে তোলার পরিকল্পনাতেও তার ভূমিকা ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এই ষড়যন্ত্রে আরও কয়েকজন যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.