নতুন মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি ‘ধুরন্ধর’ নিয়ে দর্শকমহলে এখন তুঙ্গে আলোচনা। মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে নজরকাড়া সাড়া ফেলেছে। কিন্তু এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আরেক দফা বিতর্ক—এই ছবির সঙ্গে কীভাবে যেন মিল খুঁজে পাচ্ছেন দর্শকরা ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এর। আর মিলটি নাকি একেবারে চরিত্রের নামেই!
২০১৯ সালের ‘উরি’ ছবিতে ভিকি কৌশলের চরিত্রের নাম ছিল বিহান সিং। সেখানে বায়ুসেনা আধিকারিক সিরত সিং-এর সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ এক দৃশ্য ছিল, যার সঙ্গে যুক্ত ছিল সিরতের স্বামী জয়কিরত সিং রঙ্গি—এই নামটি সে সময়েই বেশ চর্চা কুড়িয়েছিল। আর ‘ধুরন্ধর’-এ রণবীর সিংয়ের চরিত্রের নাম জসকিরত সিং রঙ্গি। একই উপাধি, উচ্চারণে ঘনিষ্ঠতা—এই মিল নিয়েই নেটিজেনরা শুরু করেছেন তুলনা ও কাটাছেঁড়া।
তবে বিতর্ক যতই থাকুক, দর্শকরা কিন্তু রণবীরের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। অনেকে বলছেন, ‘পদ্মাবত’-এ খিলজির পর এই ছবিতেই দেখা গেল রণবীরের আরেক উজ্জ্বল রূপ। পাশাপাশি রহমান ডাকাইতের চরিত্রে অক্ষয় খান্না গল্পকে দিয়েছেন দৃঢ় ভিত্তি। স্বল্প উপস্থিতিতেও আইএসআই মেজর ইকবালের চরিত্রে অর্জুন রামপালকে ঘিরে উঠেছে রহস্যের আবহ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের অনুপ্রেরণায় তৈরি কে আর মাধবনের চরিত্রটিও দর্শকদের কৌতূহল টেনেছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় দত্তও।
ট্রেলার ও টিজার মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে উত্তেজনা ছিল প্রবল। সেই উন্মাদনাতেই অগ্রিম বুকিংয়ে দেখা গিয়েছিল ঝড়। মুক্তির প্রথম দিনেই উপচে পড়া ভিড় ও সোশ্যাল মিডিয়ার ইতিবাচক ‘ওয়ার্ড অফ মাউথ’ বক্স অফিসে আরও শক্তিশালী করে তুলেছে ছবিটিকে। দিন দিন লাফিয়ে বাড়ছে আয়, আর আলোচনার কেন্দ্রে রয়েছে তারই সঙ্গে যুক্ত ‘উরি’-যোগের রহস্য।







