বিশ্বজুড়ে একের পর এক হিংসাত্মক ঘটনার আবহে ফের আতঙ্ক ছড়াল জাপানে। মধ্য জাপানের শিজুওকা প্রিফেকচারের মিশিমা শহরে একটি রাবার কারখানায় অজ্ঞাত আততায়ীর ছুরি হামলায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সংবাদমাধ্যম।
জরুরি পরিষেবা সূত্রে খবর, বিকেল আনুমানিক সাড়ে চারটে নাগাদ ইয়োকোহামা রাবার কোম্পানি পরিচালিত ওই কারখানায় হঠাৎ করেই ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। হামলার সময় কারখানার ভেতরে একটি অজ্ঞাত তরল ছড়িয়ে দেওয়া হয় বলেও দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। প্রথমে পাঁচ থেকে ছ’জন আহত হওয়ার খবর মিললেও পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪-তে।
ঘটনার পর দ্রুত পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, কারও আঘাতই প্রাণঘাতী নয়, তবে কয়েকজনের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এই ঘটনায় এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের পরিচয় ও হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এটি ব্যক্তিগত ক্ষোভ নাকি পরিকল্পিত হামলা—উভয় দিকই বিবেচনায় রাখা হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, ইয়োকোহামা রাবার কোম্পানি মূলত ট্রাক ও বাসের টায়ার তৈরি করে। নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি থাকা সত্ত্বেও এমন হামলায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে।
বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত জাপানে হিংসাত্মক অপরাধের হার তুলনামূলকভাবে কম। সেখানে বন্দুক আইন অত্যন্ত কঠোর। তবুও সাম্প্রতিক বছরগুলিতে ছুরি ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। ২০২২ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ড এবং ২০২৩ সালে পুলিশ কর্মী-সহ চারজনের মৃত্যুর ঘটনা এখনও দেশবাসীর মনে তাজা। এই প্রেক্ষাপটে মিশিমার কারখানায় হামলা নতুন করে নিরাপত্তা নিয়ে ভাবতে বাধ্য করল জাপানকে।






