খেলাধুলা

ঘরের শেয়ার ঘরেই রাখলেন শাহরুখ; কেকেআরে নতুন মালিকের জল্পনা উড়িয়ে ক্ষমতা বাড়াচ্ছেন কিং খান

কলকাতা নাইট রাইডার্সের (KKR) মালিকানা নিয়ে গত কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল, তাতে এক বড়সড় মোড় এল। শোনা যাচ্ছিল, নাইট শিবিরে হয়তো নতুন কোনো অংশীদার বা মালিকের এন্ট্রি হতে চলেছে। কিন্তু সব জল্পনায় জল ঢেলে জানা গেল, কেকেআরে নিজের ক্ষমতা আরও বাড়াতে চলেছেন স্বয়ং শাহরুখ খান। জয় মেহতা তাঁর শেয়ারের একটা বড় অংশ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেও, তা কোনো বাইরের সংস্থার হাতে যাচ্ছে না; বরং সেই শেয়ার কিনে নিচ্ছেন খোদ ‘কিং খান’ নিজেই।

বর্তমানে নাইট রাইডার্সের মালিকানার সমীকরণটা হলো শাহরুখের রেড চিলিজের হাতে রয়েছে ৫৫ শতাংশ শেয়ার, আর বাকি ৪৫ শতাংশের অংশীদার জুহি চাওলা ও জয় মেহতার মেহতা গ্রুপ। আইপিএল শুরু হওয়ার পর থেকে কেকেআর-এর ব্র্যান্ড ভ্যালু বা বাজারমূল্য এখন আকাশছোঁয়া। এই সুযোগেই মেহতা গ্রুপ তাদের শেয়ারের একাংশ বিক্রি করে মোটা টাকা ঘরে তুলতে চাইছে। এই লগ্নিকারি খোঁজার জন্য তারা একটি ইনভেস্টমেন্ট ব্যাঙ্ককেও দায়িত্ব দিয়েছিল। কিন্তু মাঝপথেই শাহরুখ সিদ্ধান্ত নেন যে, ঘরের শেয়ার তিনি বাইরে যেতে দেবেন না। মেহতারা যে অংশটি বিক্রি করতে চাইছে, তা নিজেই কিনে নেওয়ার তোড়জোড় শুরু করেছেন এসআরকে।

তবে কি জুহি চাওলারা পুরোপুরি দল থেকে বিদায় নিচ্ছেন? না, বিষয়টি তেমন নয়। মেহতা গ্রুপের হাতে থাকা শেয়ারের বড় অংশ শাহরুখ কিনে নিলেও জুহি নিজের নামে থাকা শেয়ারটুকু ছাড়ছেন না। তবে শাহরুখের নতুন করে শেয়ার কেনার ফলে কেকেআর-এ তাঁর কর্তৃত্ব এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত হবে। সহজ কথায়, বেগুনি-সোনালি ব্রিগেডে এখন কার্যত ‘একচ্ছত্র আধিপত্য’ কায়েম করতে চলেছেন বলিউড বাদশাহ।

তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর শুধু ভারতেই নয়, দেশের বাইরেও তাদের সাম্রাজ্য বিস্তার করেছে। লস অ্যাঞ্জেলেস থেকে আবুধাবি—সব জায়গাতেই ছড়িয়ে রয়েছে নাইটদের নাম। এবার ঘরের মাঠে মেহতা গ্রুপের শেয়ার কিনে নেওয়ার ফলে কেকেআর-এর সিংহাসনে শাহরুখের ক্ষমতা এখন আক্ষরিক অর্থেই ‘নিরঙ্কুশ’ হতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.