বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব ভরপুর গ্যালারিতে এক শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে দুই উইকেটে হারিয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সম্মানজনক জয় তুলে নিল জিম্বাবোয়ে। যদিও সিরিজ ইতোমধ্যেই পাকিস্তানের দখলে (২-১), তবে এই জয় জিম্বাবুয়ের জন্য নিঃসন্দেহে গৌরবময়।
১৩৩ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ব্রায়ান বেনেট ও টাডিওয়ানাশে মারুমানির বিধ্বংসী শুরুর পর মনে হচ্ছিল জিম্বাবুয়ে সহজেই জিতবে। কিন্তু ৭৩ রানে এক উইকেট থেকে ৯৪ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। পাকিস্তানের সুফিয়ান মুকিম ও আব্বাস আফ্রিদির দুর্দান্ত বোলিং তাদের জয়ের স্বপ্ন প্রায় ধূলিসাৎ করে দেয়।
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। এমন সময় ব্যাট হাতে আসেন অভিষিক্ত তিনোটেন্ডা মাপোসা। তার প্রথম চার ও পরে দারুণ এক ছক্কা পরিস্থিতি বদলে দেয়। শেষ পর্যন্ত রিচার্ড নাগারাভার সঙ্গে স্নায়ু ধরে রেখে এক বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাপোসা।
এর আগে জিম্বাবোয়ের বোলাররা পাকিস্তানের ব্যাটিং অর্ডারকে কার্যত দুর্বল করে দেন। ব্লেসিং মুজারাবানি ও রায়ান বার্লের যৌথ বোলিংয়ে পাকিস্তান আটকে যায় ১৩২ রানে। জিম্বাবুয়ে বোলারদের কৃতিত্বের পাশাপাশি মারুমানি ও বেনেটের শুরুর ঝড় পাকিস্তানের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
তবে পাকিস্তানের ১৮ বছর বয়সী স্পিনার সুফিয়ান মুকিম এদিনও চমক দেখিয়েছেন। তার চার ওভারে মাত্র ১৯ রানের পাশাপাশি এক উইকেট তুলে নেওয়ার স্পেল ভবিষ্যতের জন্য পাকিস্তানের বড় ভরসা হয়ে উঠেছে।
এই জয় শুধু জিম্বাবোয়ের ক্রিকেটের জন্য নয়, বুলাওয়ের উচ্ছ্বসিত সমর্থকদের জন্যও এক অনুপ্রেরণা।







