নিজস্ব সংবাদদাতা : গত কয়েকদিনে রাজ্য-রাজনীতি বলতে গেলে ‘সরগরম’! একদিকে করমণ্ডল দুর্ঘটনা, একাধিকবার কটক ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এহেন আবহেই উক্ত প্রসঙ্গে ফের সরব হলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তাঁর উবাচ, ‘উনি সবসময় মনে মনে চান অ্যাক্সিডেন্ট হোক’। দময়ন্তী সেনের বদলি থেকে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমান বন্দরে বাধা, সমস্ত বিষয়েই সরব হয়েছেন দিলীপ।
বুধবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি।সেখানেই দিলীপের মন্তব্য, ‘উনি ওড়িশা থেকে জোর করে আহতদের এখানে নিয়ে আসছেন। বাংলার লোক চিকিৎসা না পেয়ে ওড়িশা যায়। আর উনি ওড়িশা থেকে বাংলায় লোক এনে চিকিৎসা করবেন?’
প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা পুলিস থেকে ফের বদলি করা হয় আইপিএস অফিসার দময়ন্তী সেনকে। মঙ্গলবার সরকারি নির্দেশিকা জারি করে কলকাতার পুলিসের স্পেশ্যাল কমিশনার (২) পদ থেকে দময়ন্তীকে পাঠানো হয় রাজ্য পুলিসের এডিজি (প্রশিক্ষণ) পদে।






