টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তাপ বাড়তে শুরু করেছে। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই শুরু হবে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের মহাযজ্ঞ। তার আগেই বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। নেতৃত্বের দায়িত্ব এবারও থাকছে মুম্বাইয়ের হাতেই। ২০২২ ও ২০২৪ সালে রোহিত শর্মার পর, এবার জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। ২০২৪ সালে ট্রফি জয়ের পর, এবার টিম ইন্ডিয়ার সামনে সুবর্ণ সুযোগ ট্রফি ডিফেন্ড করার।
বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটে আরেকটি বড় মঞ্চ অপেক্ষা করছে—আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আগামী ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জিম্বাবোয়ে ও নামিবিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। তার আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করে চমক দিল বিসিসিআই। ঘোষিত স্কোয়াডে যেমন ভবিষ্যতের একাধিক সম্ভাবনাময় তারকা রয়েছেন, তেমনই নেতৃত্ব নিয়ে রয়েছে স্পষ্ট বার্তা।
নিয়মিত অধিনায়ক আয়ুষ মাহাত্রেকেই বিশ্বকাপের জন্য অধিনায়ক করা হয়েছে। যদিও চোটের কারণে তিনি দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে সেই সিরিজে নেতৃত্ব দেবেন বৈভব সূর্যবংশী। উল্লেখযোগ্যভাবে, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ১৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন বৈভব, যদিও পরবর্তী ম্যাচগুলোতে ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হন তিনি।
ভারতের জুনিয়র নির্বাচক কমিটি শুধু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলই নয়, দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে। বিশ্বকাপের আগে বেনোনিতে অনুষ্ঠিত হতে চলা এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বৈভব সূর্যবংশী। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে লজ্জাজনক হার ভুলে বিশ্বকাপের মঞ্চে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দল
আয়ুষ মাহাত্রে (অধিনায়ক), বিহান মলহোত্র (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিংহ (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান পটেল, মহম্মদ এনান, হেনিল পটেল, দীপেশ দেবেন্দ্রন, কিশান সিংহ, উদ্ধব মোহন।
বিশ্বকাপের আগে সিনিয়র ও জুনিয়র—দুই পর্যায়েই নেতৃত্বের এই পরিবর্তন ভারতীয় ক্রিকেটে নতুন বার্তার ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার, মাঠের লড়াইয়ে সেই পরিকল্পনা কতটা সফল হয়।







