সব্যসাচী গুছাইত, নিজস্ব প্রতিনিধী: গত ২৯ এ সেপ্টেম্বর ঘটে যাওয়া খড়গপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় ঝাড়গ্রামের গোপীবল্লবপুর ২ নম্বর ব্লকের রান্টুয়া এলাকা থেকে মোট ৬ জন ডাকাতকে গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ড্রোন ব্যবহৃত করে ফিল্মি কায়দায় অপারেশন চালিয়ে গ্রেফতার করা হয় দুষ্কৃতীদের।
সেদিনের সেই ডাকাতির ঘটনায় গোটা রাজ্যের মানুষ দেখেছিল পুলিশের অসম সাহসিকতা। ঘটনা ঘটার ৫ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছিল ৫ জন ডাকাতকে। ডাকাতির সময় যে গাড়ি ব্যবহৃত হয়েছিল সেই গাড়িকেও আটক করেছে পুলিশ। ডাকাত দলের একজন দুষ্কৃতী পালিয়ে গা ঢাকা দিলেও শেষ রক্ষা হয় নি তার।
ঘটনার পর দিন বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধির নেতৃত্বে অপারেশন চালিয়ে গ্রেপ্তার করা হয়েছিল সেই ডাকাত দলেরই আরো ১ জন দুষ্কৃতীকে।
এবার সেই সাহসিকতার পুরস্কার তুলে দিল ঝাড়গ্রাম জেলা পুলিশ ডাকাতীর কিনারায় যুক্ত সকল পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীদের সম্মান জানায় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। জানা যায় সেই অপারেশনের যে সমস্ত পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীরা ছিলেন ওই ডাকাতদের ধরতে, তাদের ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা সংবর্ধনা দিয়ে পুরস্কৃত করেন। পুলিশ সূত্রে জানা গেছে মোট ৬১ জন পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ অন্যান্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে।







