রবিবার সকালে বজ্রাঘাতের জেরে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন পূর্ব বর্ধমান জেলার তিন বাসিন্দা। পৃথক তিনটি স্থানে ঘটে যাওয়া এই দুর্ঘটনাগুলি শোকের ছায়া নামিয়েছে গোটা জেলায়। জানা গিয়েছে, কালনা মহকুমার নাদনঘাট, মন্তেশ্বর এবং খাদরা এলাকায় পরপর এই বজ্রাঘাতের ঘটনা ঘটে।
প্রথম ঘটনাটি ঘটে নাদনঘাট থানার বড় কড়াইল এলাকায়। মাঠে চাষের কাজ করছিলেন নিমাই রায় ও তাঁর নাতজামাই মঙ্গলদীপ সাঁতরা। আচমকা বাজ পড়লে গুরুতর আহত হন নিমাইবাবু। আর মঙ্গলদীপকে তড়িঘড়ি কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দ্বিতীয় ঘটনাটি মন্তেশ্বর থানার মরাই পিড়ি গ্রামে। প্রতিদিনের মতো এদিনও মাঠে গরু চরাতে গিয়েছিলেন হরগোবিন্দ বিশ্বাস। কিন্তু আচমকা আকাশ ফাটিয়ে নেমে আসে বজ্রপাত। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। স্থানীয়রা তাঁকে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।
তৃতীয় মৃত্যুর ঘটনাটি ঘটে মন্তেশ্বরের খাদরা গ্রামে। সেখানে জমিতে নিরানোর কাজ করছিলেন হারাধন দাস। সেই সময়েই বাজ পড়ে মৃত্যু হয় তাঁর। তিনটি মৃতদেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কালনা মহকুমা হাসপাতালে।
প্রাকৃতিক এই বিপর্যয়ে শোকস্তব্ধ গোটা মহকুমা। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতদের পরিবারকে সরকারি সাহায্যের প্রক্রিয়া শুরু হয়েছে। আবহাওয়া দফতরের তরফে বজ্রবিদ্যুৎ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।







