জেলা

১৮ মাসের শিশুকে ১৮ বছরের ওষুধ! চিকিৎসকের ভুলে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ হাসপাতালে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। জ্বর নিয়ে হাসপাতালে আসা মাত্র ১৮ মাসের এক শিশুকে ভুল করে ১৮ বছর বয়সীদের জন্য নির্ধারিত ওষুধ খাওয়ানোর অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।

শিশুটির পরিবার জানিয়েছে, জ্বর নিয়ে রামগঞ্জ হাসপাতালে আনা হয় ছোট্ট ……… নামে শিশুটিকে। প্রাথমিকভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শিশুর জন্য ওষুধ লিখে দেন। কিন্তু সেই ওষুধ খাওয়ানোর কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে শিশু। দ্রুত ফের হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক ওষুধ পরিবর্তন করে শিশুটিকে ভর্তি করেন।

চিকিৎসক অভিষেক চৌধুরী নিজের ভুল স্বীকার করে জানান, “সারাদিনে ৫০০-৬০০ রোগী দেখতে হয়। তাড়াহুড়োয় ভুল করে ১৮ মাসের জায়গায় ১৮ বছরের ডোজ লিখে ফেলেছি। তবে শিশুটি এখন স্থিতিশীল। কোনও সমস্যা হলে আমি সমস্ত দায়িত্ব নিতে প্রস্তুত।”

যদিও চিকিৎসকের দায় স্বীকার করলেও, তাতে শান্ত নয় শিশুর পরিবার। তাঁদের অভিযোগ, সময়মতো হাসপাতালে না ফিরলে শিশুটির প্রাণ সংশয় হতে পারত। তাঁরা এই ঘটনার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এত বড় গাফিলতির পর হাসপাতালের চিকিৎসা পরিষেবায় ভরসা কতটা—সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.