জেলা

বিবাহের পরেও ঠাঁই নেই স্বামীর ঘরে! বিজেপি পঞ্চায়েত সদস্যর পরিবারের বিরুদ্ধে গৃহবধূর ধরনা

বিয়ের এক বছর পরেও স্বামীর বাড়িতে ঠাঁই নেই! স্বামীর অধিকার চেয়ে বাড়ির সামনে বিবাহের নথিপত্র হাতে ধরনায় বসলেন এক গৃহবধূ। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ঘোড়ালিয়া খাপড়াডাঙ্গা এলাকায়।

অভিযোগ, ওই মহিলার স্বামী সঞ্জয় দাস স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য অজয় দাসের কাকার ছেলে। সঞ্জয়ের দাদা সুজয় দাস পেশায় সিভিক ভলেন্টিয়ার। পরিবারে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব থাকা সত্ত্বেও, ওই মহিলা দাবি করছেন—আইনত বিবাহ হওয়ার পরেও স্বামী তাঁকে ঘরে তুলছেন না, উলটে হোটেলে নিয়ে গিয়ে সহবাস করছেন।

ধারণা করা হচ্ছে, রাজনৈতিক ও প্রশাসনিক শক্তির জোরেই তাকে বঞ্চিত করা হচ্ছে তার অধিকার থেকে। গৃহবধূর আরও অভিযোগ, একবার বাড়িতে নিয়ে গিয়ে তাঁকে মারধরও করা হয়েছে। তার সন্তানসহ বিবাহ মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি সঞ্জয়।

এই পরিস্থিতিতে গৃহবধূ জানিয়েছেন, “স্বামীর অধিকার না পাওয়া পর্যন্ত আমি পিছু হটব না। সংসার পেলে আদালতের মামলা প্রত্যাহার করব।”

অভিযোগ, সঞ্জয়ের দাদা সুজয় দাস (সিভিক ভলেন্টিয়ার) মহিলাকে পুলিশি হুমকিও দিয়েছেন। বলেন, “পুলিশ আমাদের হাতে, যা করার করে নাও।”

এদিকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যর মা জানান, “টাকা দিয়ে মিটিয়ে দিলে ভালো হয়।” এই বক্তব্য ঘিরেও বিতর্ক দানা বেঁধেছে।

এলাকাবাসীরা সকাল থেকেই ভিড় করেন ঘটনাস্থলে। শান্তিপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গৃহবধূকে থানায় অভিযোগ জানানোর জন্য নিয়ে যায়।

বেলঘড়িয়া ২ নম্বর অঞ্চলের প্রধান বর্ণালী বর্মন জানিয়েছেন, “গৃহবধূ অনেক আগেই অভিযোগ করেছিলেন, আমরা মীমাংসার চেষ্টা করেছিলাম। কিন্তু তা সফল হয়নি। এখন বিষয়টি আইনের আওতায়।”

ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে অভিযুক্ত সঞ্জয় ও তার পরিবার এখনও পলাতক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.