খেলাধুলা

শতদ্রুর ঠাঁই জেল হেফাজতে, অন্যদিকে টাকা ফেরত নিয়ে ‘উল্টো সুর’ সরকারের, বিপাকে মেসি ভক্তরা

কলকাতায় লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা ও কেলেঙ্কারির ঘটনায় আইনি জটিলতা আরও বাড়ল। একদিকে যেমন হাইকোর্ট এই ঘটনায় সিবিআই তদন্তের আবেদন নাকচ করে দিয়েছে, অন্যদিকে অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তের জামিনের আর্জিও খারিজ হয়ে গেছে।

যাঁরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি, তাঁদের টাকা ফেরত পাওয়া নিয়ে বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। হাইকোর্টে রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, এটি একটি ব্যক্তিগত সংস্থার আয়োজন ছিল, তাই টাকা ফেরানোর দায়িত্ব সরকারের নয়। তিনি স্পষ্ট করে দেন, সরকার কোনো ‘রিকভারি এজেন্ট’ নয়, টাকা ফেরত পেতে হলে উদ্যোক্তাদের সঙ্গেই কথা বলতে হবে। সিবিআই তদন্তের দাবি খারিজ করে আদালত জানিয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন কমিটির তদন্তই আপাতত বহাল থাকবে। রবিবার পুলিশি হেফাজতের মেয়াদ শেষে বিধাননগর আদালতে তোলা হয়েছিল শতদ্রু দত্তকে। হাতে গীতা নিয়ে গম্ভীর মুখে আদালতে ঢুকতে দেখা যায় তাঁকে। সরকারি আইনজীবীরা তাঁর বিরুদ্ধে ২৩ কোটি টাকার দুর্নীতি এবং প্রভাব খাটানোর অভিযোগ আনেন। দীর্ঘ সওয়াল-জবাব শেষে আদালত তাঁর জামিন নাকচ করে দেয় এবং ৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। ইতিমধ্যেই পুলিশ শতদ্রুর প্রায় ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে।

বোতল বিতর্ক: স্টেডিয়ামের ভেতরে ২০০ টাকায় জলের বোতল বিক্রি এবং সেই বোতল মাঠে ছোড়া নিয়ে নতুন বিতর্ক দানা বেঁধেছে। শতদ্রুর আইনজীবী পাল্টা প্রশ্ন তুলেছেন যে, কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও স্টেডিয়াম কর্তৃপক্ষ কীভাবে মাঠে এত বোতল ঢুকতে দিল? সব মিলিয়ে মেসির সফর এখন আইনি লড়াই আর কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে আটকে পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.