লমুর্শিদাবাদের সামশেরগঞ্জে এক ভয়াবহ রেল দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। রেললাইন পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত এক শিশুর খোঁজ মিলছে না। শনিবার দুপুরে সামশেরগঞ্জের নিমতিতার নতুন শিবনগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, আন্ডারপাস জলে ডুবে বন্ধ থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে গেল। খবর পেয়ে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে এসেছেন। ঘটনাটিকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
মৃত শিশুদের নাম জিসান শেখ, রিহাত শেখ এবং আরিয়ান শেখ। তাদের প্রত্যেকের বয়স ছয় বছরের কাছাকাছি বলে জানা গিয়েছে। আরও একজন শিশু নিখোঁজ রয়েছে। শনিবার দুপুরে এই চারজন শিশু একসঙ্গে লাইন পার হচ্ছিল। ঠিক সেই সময় প্রায় একই সঙ্গে আপ এবং ডাউন লাইনে ট্রেন চলে আসে। শিশুরা হতভম্ব হয়ে যায়, কোন দিকে যাবে তা বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায়। ট্রেনে কাটা পড়ে তিন শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে রেল পুলিশ এবং সামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন-সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও দ্রুত ঘটনাস্থলে আসেন। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।
এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করছেন, আন্ডারপাসটি জল জমে বন্ধ থাকায় বাধ্য হয়ে তাঁদের রেললাইনের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এক স্থানীয় বাসিন্দা বলেন, “নিমতিতা যাওয়ার রাস্তা, সেই আন্ডারপাসটি এখন পুরো জলে ডুবে আছে। প্রায় ৬ ফুট জল জমে রয়েছে। ফলে সেই রাস্তায় যেতে না পেরে লাইন পার করে যেতে হয়। আর সেই লাইন পার হতে গিয়েই আজ তিনটি শিশুর প্রাণ গেল। আমরা প্রশাসনের কাছে একটাই দাবি জানাচ্ছি রাস্তাটি দ্রুত ঠিক করা হোক।”







