দেশ

সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা রুখতে কড়া কেন্দ্র; ফেসবুক-ইনস্টাগ্রামকে কড়া হুঁশিয়ারি তথ্যপ্রযুক্তি মন্ত্রকের

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অশ্লীল বা কুরুচিকর ভিডিও এবং ছবির দৌরাত্ম্য বন্ধ করতে এবার চরম হুঁশিয়ারি দিল ভারত সরকার। সোমবার ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে একটি কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে স্পষ্ট জানানো হয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম বা এক্স-এর (সাবেক টুইটার) মতো মাধ্যমগুলো যদি তাদের প্ল্যাটফর্মে থাকা পর্নোগ্রাফি, চাইল্ড অ্যাবিউজ বা কোনো বেআইনি পোস্ট সরাতে ব্যর্থ হয়, তবে তাদের বড় ধরনের আইনি জটিলতার মুখে পড়তে হবে। আসলে ইদানীং কেন্দ্রের নজরে এসেছে যে, অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই তাদের ব্যবহারকারীদের আপলোড করা অশ্লীল কনটেন্টের ব্যাপারে তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই গাফিলতি রুখতেই মন্ত্রক ২০২১ সালের তথ্যপ্রযুক্তি আইনের প্রসঙ্গ টেনে এনেছে। নির্দেশিকায় মনে করিয়ে দেওয়া হয়েছে, আইনের ৭৯ নম্বর ধারা অনুযায়ী কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তখনই ছাড় পাবে, যখন তারা তাদের সাইটে কোনো আপত্তিকর কিছু দেখলে দ্রুত ব্যবস্থা নেবে। যদি তারা হাত গুটিয়ে বসে থাকে, তবে সেই অপরাধের দায়ভার তাদের কাঁধেই বর্তাবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের সুরক্ষা বিঘ্নিত করে বা সমাজের শালীনতা নষ্ট করে এমন কোনো ছবি বা তথ্য শেয়ার করা দণ্ডনীয় অপরাধ। এই নিয়ম যারা ভাঙবে, তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং তথ্যপ্রযুক্তি আইনের অধীনে কঠোর মামলা করা হতে পারে। শুধু সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ নয়, যারা এই ধরনের কনটেন্ট তৈরি বা শেয়ার করছেন, সেই সাধারণ ব্যবহারকারীরাও রেহাই পাবেন না।

কেন্দ্রের বার্তা খুব পরিষ্কার ইন্টারনেটকে নিরাপদ রাখতে গেলে এই মাধ্যমগুলোকে আরও অনেক বেশি সতর্ক হতে হবে। ক্ষতিকারক বা বেআইনি পোস্টগুলো দ্রুত শনাক্ত করে তা মুছে ফেলার স্থায়ী ব্যবস্থা না করলে কড়া শাস্তির মুখোমুখি হতে প্রস্তুত থাকতে হবে টেক জায়ান্টদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.