রাজস্থানের ক্রিকেট প্রেমীদের জন্য মন খারাপ করা এক খবর। আগামী আইপিএলে নিজেদের ঘরের মাঠে যশস্বী জয়সওয়াল বা বৈভব সূর্যবংশীদের চার-ছক্কার ফুলঝুরি দেখার সুযোগ সম্ভবত আর থাকছে না। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (RCA) দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিবাদ আর প্রশাসনিক ডামাডোলের জেরে জয়পুর থেকে এবার পাততাড়ি গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ।
সূত্রের খবর, ১৬ বছরের পুরোনো সম্পর্ক ছিন্ন করে এবার রাজস্থানের বাইরে নিজেদের ‘হোম গ্রাউন্ড’ খুঁজতে হচ্ছে ২০০৮-এর চ্যাম্পিয়নদের। এক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের প্রথম পছন্দ মহারাষ্ট্রের পুণে। পুণের এমসিএ স্টেডিয়ামেই আইপিএলের অধিকাংশ ম্যাচ খেলতে পারে সঞ্জু স্যামসনের দল। তবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামের সঙ্গে রাজস্থান রয়্যালসের সম্পর্ক বেশ কয়েক বছরের। তাই বরাবরের মতো এবারও সেখানে দু-একটি ম্যাচ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
আসলে ঝামেলার মূলে রয়েছে রাজস্থান ক্রিকেট সংস্থার বর্তমান পরিচালনা পদ্ধতি। অনেকদিন ধরেই সেখানে কোনো নির্বাচিত কমিটি নেই, পরিবর্তে রাজ্য সরকারের বসানো একটি অ্যাড হক কমিটি কাজ চালাচ্ছে। বিসিসিআই বারবার নির্বাচন করিয়ে গণতান্ত্রিক উপায়ে নতুন কমিটি গড়ার কথা বললেও রাজ্য সংস্থা তাতে কান দেয়নি। সম্প্রতি আবুধাবিতে আইপিএলের নিলাম চলাকালীনও বোর্ড কর্তারা এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকায় শেষ পর্যন্ত জয়পুরে আইপিএলের ম্যাচ না করানোরই কঠিন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। পুণের মাঠটি আইপিএলের জন্য বেশ পরিচিত। আগে রাইজিং পুণে সুপারজায়ান্টস এখানে খেলেছে, এমনকি কোভিডের সময়ও এখানে বহু ম্যাচ আয়োজন করা হয়েছিল। পুণের ক্রিকেট কর্তারাও এবার রাজস্থান রয়্যালসের ম্যাচগুলি আয়োজন করতে যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন। সব মিলিয়ে নিজের ঘর ছেড়ে এবার পরবাসেই আস্তানা গাড়তে হচ্ছে ‘হল্লা বোল’ বাহিনীকে।







