মালদহে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব ও দুর্নীতির অভিযোগ ঘিরে ভয়াবহ হিংসার ছবি সামনে এল। স্কুলের ঘরে আটকে রেখে লোহার রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে। গুরুতর আহত হয়েছেন এক মাদ্রাসার টিআইসি ও এক সহকারি শিক্ষক। ঘটনায় তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে রাজ্যজুড়ে।
ঘটনাটি মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের তালগাছি সিনিয়র মাদ্রাসার। অভিযোগ, দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন টিআইসিকে সরিয়ে নতুন টিআইসি হিসেবে দায়িত্ব পাওয়ার জেরেই এই হামলা।
আহত টিআইসি মহম্মদ হেবজুর রহমান ও সহকারি শিক্ষক আবজাল হোসেনকে প্রথমে মশালদহ বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁদের চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকদের মতে, দু’জনেরই অবস্থা আশঙ্কাজনক।
অভিযোগ অনুযায়ী, মিড ডে মিল ও মাদ্রাসার বিভিন্ন ফান্ডের অর্থ নয়ছয়ের অভিযোগে গত ১৩ ডিসেম্বর প্রাক্তন টিআইসি মহম্মদ আবুজারকে সরানো হয়। স্কুলের শিক্ষক ও অবর বিদ্যালয় পরিদর্শকের সর্বসম্মত সিদ্ধান্তে নতুন টিআইসি করা হয় মহম্মদ হেবজুর রহমানকে। কিন্তু সেই সিদ্ধান্ত মানতে না পেরেই হামলা চালানো হয় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রের দাবি, প্রাক্তন টিআইসি আবুজার শাসকদলের ঘনিষ্ঠ। অভিযোগ, তিনি দলবল নিয়ে স্কুলে ঢুকে অফিস রুম থেকে নতুন টিআইসিকে টেনে হিঁচড়ে বের করে একটি ক্লাসরুমে আটকে দেন। এরপর দরজা বন্ধ করে লোহার রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। মারধরে হেবজুর রহমানের দু’টি হাতই ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
এখানেই থামেনি অত্যাচার। অভিযোগ, জোর করে মাদ্রাসার খালি লেটার প্যাডে সই করিয়ে মোবাইলে ভিডিয়ো রেকর্ডিং করে স্বীকারোক্তি আদায় করা হয় যে তিনি স্বেচ্ছায় টিআইসি পদ ছেড়ে দিতে রাজি। সহকারি শিক্ষক আবজাল হোসেন তাঁকে বাঁচাতে গেলে তাঁর উপরও হামলা চালানো হয়। মাথা ফেটে যায় তাঁর।
এই ঘটনায় প্রাক্তন টিআইসি মহম্মদ আবুজার, হরিশ্চন্দ্রপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির দাদা আনারুল আলম-সহ মোট ১১ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিরোধী শিবির। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন,
“একজন শিক্ষক সমাজের স্তম্ভ। সেই শিক্ষককে স্কুলের ভিতরে আটকে লোহার রড দিয়ে মারধর—ভাষা হারিয়ে ফেলছি। অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। জামিন অযোগ্য ধারা দেওয়া উচিত।”
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন,
“অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এর সঙ্গে দলের কোনও যোগ নেই। যেই করে থাকুক, পুলিশ প্রশাসন যেন কড়া ব্যবস্থা নেয়।”
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, তা নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে।







