ক্রাইমজেলা

কর্ণাটকে লুকিয়ে লাভ হয়নি! সিঁথির স্বর্ণ ব্যবসায়ীর সোনা লুটকাণ্ডে হুগলির আরও এক দুষ্কৃতী গ্রেফতার

সিঁথির স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ সোনা লুটের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্য ছেড়ে কর্নাটকে পালিয়ে গিয়েছিলেন হুগলির বাসিন্দা মাসুমবাবু মল্লিক। তবে শেষ পর্যন্ত পুলিশের নেটওয়ার্কের কাছে আর লুকিয়ে থাকা সম্ভব হয়নি। কর্নাটকে গা-ঢাকা দিয়ে থাকা অবস্থায়ই তাঁকে পাকড়াও করে নিরাপত্তা বাহিনী।

এর আগে এই মামলায় গ্রেফতার হয়েছিল সইদুল মণ্ডল নামে আরেক হুগলির বাসিন্দা। তাঁকে জেরা করতেই তদন্তকারীরা মাসুমের নাম জানতে পারেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সোনা লুটের পরিকল্পনা যৌথভাবে করেছিল সইদুল ও মাসুম। তবে তাঁদের সঙ্গে আরও কারও যোগ রয়েছে কি না, সেই দিকেও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। অতীতে এই দুই অভিযুক্ত একসঙ্গে কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।

উল্লেখ্য, গত অক্টোবরে সিঁথির স্বর্ণ ব্যবসায়ী সঞ্জিতকুমার দাসের কাছ থেকে লুট করা হয় দু’কেজি ৩৮০ গ্রাম সোনা। বড়বাজার থেকে সোনার বাট নিয়ে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন সঞ্জিত। সিঁথির ওয়ার্কশপে ঢোকার মুখে মোটরবাইকে চেপে আসা কয়েক জন মুখোশধারী দুষ্কৃতী তাঁর পথ আটকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনা ছিনতাই করে চম্পট দেয়। বাজারদর অনুযায়ী লুট হওয়া সোনার মূল্য প্রায় তিন কোটি টাকা।

পুলিশ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করলেও এখনও পর্যন্ত উদ্ধার হয়নি লুট হওয়া সোনার সম্পূর্ণ অংশ। সোনা কোথায় লুকিয়ে রাখা হয়েছে, তা জানতে ধৃতদের আরও জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ। পুরো চক্রকে চিহ্নিত করতে ইতিমধ্যেই একাধিক জেলায় অভিযান চালানো হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.