দক্ষিণী অভিনেত্রী সমান্থা রুথ প্রভুর জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে বিয়ের মাধ্যমে। নাগ চৈতন্যের সঙ্গে দাম্পত্যভঙ্গের চার বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসেছেন সমান্থা। তবে তাঁর এই দ্বিতীয় বিয়েকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ উঠছে—রাজ নিদিমোরু কি আদৌ শ্যামলী মহাজনের সঙ্গে আইনি বিচ্ছেদ সেরে তবেই সমান্থাকে বিয়ে করেছেন?
২০২৩ সাল পর্যন্ত রাজের সঙ্গে বিভিন্ন ঘনিষ্ঠ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করতেন তাঁর প্রথম স্ত্রী শ্যামলী। সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করে যখন ২০২৪ সাল থেকে সমান্থা ও রাজ একসঙ্গে প্রকাশ্যে দেখা দিতে থাকেন। সেই সময় থেকেই শ্যামলীর ইঙ্গিতপূর্ণ পোস্টগুলি নেটিজেনদের নজর কাড়ে।
১ ডিসেম্বর সকালে রাজ–সমান্থার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই শ্যামলী লেখেন— “বেপরোয়া মানুষদের বেপরোয়া সিদ্ধান্ত।” এই পোস্টেই আগুনে ঘি পড়ে। রাজের পুরনো ছবিগুলির মন্তব্যবাক্সে সমান্থাকে দুষতে শুরু করেন একাংশ নেটাগরিক।
এরই মাঝে মুখ খোলেন শ্যামলীর ঘনিষ্ঠ বান্ধবী ভাবনা তপাডিয়া। শ্যামলীকে ট্যাগ করে তিনি লেখেন— “শেষ যখন ওকে দেখেছি, তখনও সে বিবাহিত ছিল। আর ‘শেষ’ বলতে আমি এই মুহূর্তকেই বোঝাচ্ছি।” ভাবনার এই দাবি আরও প্রশ্ন তুলে দিয়েছে—তবে কি আইনি বিচ্ছেদের আগেই রাজ দ্বিতীয়বার বিয়ে সারলেন?
এই নিয়ে রাজ নিদিমোরু এখনও পর্যন্ত মুখ খোলেননি। শ্যামলীর পক্ষ থেকেও সরাসরি কোনও অভিযোগ তোলা হয়নি। তবে ক্রমাগত ইঙ্গিতপূর্ণ পোস্টে জল্পনা বাড়ছে। এখন দেখার, ব্যক্তিগত জীবন নিয়ে বাড়তে থাকা বিতর্কের মুখে রাজ আদৌ কোনও সরকারি বিবৃতি দেন কি না।







