‘প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্নীতি এবং অসৎ আচরণের জন্য বিখ্যাত।’ এহেন মন্তব্য করে প্রাথমিক শিক্ষা পর্ষদকে ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির সংযোজন, ‘কয়েকজনের অপদার্থতার জন্য যোগ্য প্রার্থীরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।’ সোমবার টেট সম্পর্কিত এক মামলার শুনানিতে এরকম মন্তব্যেই সামিল হলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
সোমবার টেটে নিয়োগ সংক্রান্ত বঞ্চনার কথা জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক টেট চাকরিপ্রার্থী। আদালতকে প্রার্থী জানান, টেটের ভুল প্রশ্নের জন্য তাঁর নম্বর বাড়লেও বয়স পেরিয়ে যাওয়ায় তিনি ইন্টারভিউয়ে বসার আর সুযোগ পাননি। পর্ষদের ভুলের জন্য তিনি কী প্রকার পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তা জানিয়ে আদালতে আবেদন করেন পরীক্ষার্থী। সেই মামলারই শুনানিতে আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাফ জানান, প্রাথমিকের নিয়োগে সমস্যা যখন হয়েছে পর্ষদের ভুলেই, তার খেসারত দিতে হবে তাদেরকেই।
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যে প্রায় ২৫ হাজার চাকরি প্রার্থীকে বাড়তি ৬ নম্বর করে দিয়েছে পর্ষদ। বাকিদের ক্ষেত্রে কী অবস্থা তাহলে? জানতে চায় উচ্চ আদালত। আগামী ৪ নভেম্বর দুপুর ১২টার মধ্যে জানাতে হবে পর্ষদকে। সেই দিনই হবে পরবর্তী শুনানি।







