মধ্যপ্রদেশের চিন্দওয়াড়ায় কাফ সিরাপ আতঙ্ক চরমে। মাত্র এক বোতল সিরাপেই হারাতে হল ১১টি শিশুর প্রাণ। রবিবার ভোরেই এই মর্মান্তিক ঘটনার নেপথ্যে থাকা চিকিৎসক ডঃ প্রবীণ সোনি-কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত চিকিৎসক পেশায় একজন শিশুরোগ বিশেষজ্ঞ (Pediatrician)। জানা গেছে, মৃত্যুবরণ করা প্রায় সকল শিশুই তাঁর ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছিল।
তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য — ডঃ সোনি Coldrif নামক একটি কাফ সিরাপ প্রেসক্রাইব করেছিলেন, যা খাওয়ার পরই একের পর এক শিশুর শারীরিক অবনতি শুরু হয়। ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে, ওই সিরাপে ৪৮.৬ শতাংশ Diethylene Glycol মেশানো ছিল— যা মানবদেহের জন্য মারাত্মক বিষাক্ত এবং অনুমোদিত সীমার বহু গুণ বেশি। বিশেষজ্ঞদের মতে, এই রাসায়নিক পদার্থ সরাসরি কিডনিতে প্রভাব ফেলে, যার ফলে কিডনি ফেলিওর এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
এই ঘটনার পরেই তোলপাড় দেশজুড়ে। মধ্যপ্রদেশ সরকার তড়িঘড়ি করে Coldrif সিরাপের বিক্রি ও মজুত নিষিদ্ধ করেছে। পাশাপাশি তামিলনাড়ু ও রাজস্থানেও এই সিরাপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
রাজ্য সরকার তামিলনাড়ুর কাঞ্চিপুরমের ShreeSaan Pharmaceutical কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে, যারা এই সিরাপ তৈরি করেছিল।
তামিলনাড়ু ডিরেক্টরেট অব ড্রাগ কন্ট্রোল জানিয়েছে, Coldrif সিরাপ “Substandard Quality”-র, অর্থাৎ এটি ওষুধের নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ নয়। একইসঙ্গে Nextro-DS নামক আরও একটি সিরাপের বিক্রিও আপাতত বন্ধ রাখা হয়েছে, যদিও তার রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি।
প্রাণ হারানো শিশুদের সবারই ছিল সাধারণ সর্দি-কাশির সমস্যা। চিকিৎসকের নির্দেশ মতো সিরাপ সেবনের পর প্রথমে সামান্য উন্নতি হলেও, পরে হঠাৎই দেখা দেয় কিডনি ইনফেকশন ও মাল্টি-অর্গান ফেলিওর। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে একের পর এক শিশু।
ওষুধ নিয়ন্ত্রণ দপ্তর ও স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে। কেন্দ্রের পক্ষ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে— দেশজুড়ে Coldrif ও অনুরূপ সব সিরাপের ব্যাচ নম্বর অনুযায়ী নমুনা পরীক্ষা করার।
দেশজুড়ে এখন একটাই প্রশ্ন— একটি শিশুকে বাঁচানোর ওষুধই যখন তার মৃত্যুর কারণ হয়, তখন আমরা কতটা নিরাপদ?







