জেলারাজ্য

সিউড়িবাসীর জন্য সুখবর: সিউড়ি থেকে দীঘা যাওয়ার নতুন বাস পরিষেবা চালু

সিউড়িবাসীর দীর্ঘদিনের এক প্রত্যাশা আজ পূরণ হল। দক্ষিণবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থা (SBSTC)-এর উদ্যোগে সিউড়ি থেকে দীঘা যাওয়ার জন্য একটি নতুন সরকারি বাস পরিষেবা চালু করা হল। আজ আনুষ্ঠানিকভাবে সিউড়ি বাসস্ট্যান্ড থেকে এই পরিষেবার সূচনা করেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল এবং সিউড়ির বিভিন্ন কাউন্সিলর ও তৃণমূল নেতৃত্ব।

এই বাস চালুর মাধ্যমে সিউড়ি ও বীরভূম জেলার মানুষের দীঘা সফর অনেক সহজ ও সাশ্রয়ী হবে। উল্লেখযোগ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘায় এক নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। সেই মন্দির দর্শনের ইচ্ছা বহু মানুষের থাকলেও আর্থিক ও যাতায়াতের সমস্যার কারণে অনেকেই তা সম্ভব করে উঠতে পারছিলেন না। বিধায়ক বিকাশ রায় চৌধুরীর কাছে বারবার অনুরোধ জানানো হয় যাতে সাধারণ মানুষের জন্য দীঘা যাওয়ার কোনও সরকারি ব্যবস্থা করা হয়।

এই নতুন বাস সেই প্রত্যাশারই বাস্তব রূপ। আধুনিক পরিকাঠামো এবং আরামদায়ক যাত্রার মাধ্যমে এই বাস সিউড়ি থেকে সরাসরি দীঘা পৌঁছে দেবে। স্থানীয়দের মধ্যে এই উদ্যোগ ঘিরে প্রবল উৎসাহ এবং খুশির আবহ দেখা গেছে।

এই বাস পরিষেবা শুধু যাত্রার সুবিধা নয়, বরং জেলা পর্যটনের বিকাশেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.