মুদ্রা লোনের নামে দক্ষিণ ভারতের মানুষকে প্রতারণার অভিযোগ। গোপন সূত্রের ভিত্তিতে বুধবার পূর্ব যাদবপুর থানার অন্তর্গত মুকুন্দপুর এলাকায় একটি ভুয়ো কল সেন্টারে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা নিজেদের ভারত সরকারের ‘মুদ্রা লোন’ (Mudra Loan) প্রকল্পের এজেন্ট হিসেবে পরিচয় দিত। মূলত দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের সাধারণ মানুষকে ফোন করে রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য চার্জের নামে টাকা আদায় করাই ছিল তাদের কাজ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কল সেন্টারটি দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল। অভিযুক্তদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সংগৃহীত অর্থের পরিমাণ ও সম্ভাব্য আরও জড়িতদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে প্রচুর মোবাইল নম্বর লেখা একাধিক নোটবই, ৩০টি কিপ্যাড ফোন এবং ১০টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার পিছনে কোনও বড় প্রতারণা চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তরা আর কোথায় কোথায় এই ধরনের প্রতারণা চালিয়েছে, সেই বিষয়েও তদন্ত চলছে।







