নেতাজি নগর থানা কেস নং ২০৮/২৫ (তারিখ ১২.০৯.২০২৫) অনুযায়ী ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। হাঁসখালি থানা এলাকার আওতাধীন অঞ্চলে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ ষড়যন্ত্রকারী চক্রের পর্দাফাঁস করা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে তল্লাশিতে একাধিক গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার হয়েছে। যার মধ্যে রয়েছে দুটি মোবাইল ফোন, আটটি ব্যাঙ্ক পাসবুক ও চেকবুক, ছয়টি এটিএম কার্ড, একটি ট্যাঙ্গেম হার্ডওয়্যার ওয়ালেট। এছাড়াও আনুমানিক ৩,৮০০ মার্কিন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টো ওয়ালেট ও এক্সচেঞ্জ সংক্রান্ত তথ্য, পাশাপাশি একাধিক আপত্তিকর চ্যাট ও নথিপত্র উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভুয়ো ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিত এই চক্র। উদ্ধার হওয়া ডিজিটাল নথি ও আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখে চক্রের অন্য সদস্যদের খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও চলমান এবং এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।







