প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (PM Mudra Yojana) নামে ঋণ প্রদানের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করার একটি সংঘবদ্ধ চক্রের পর্দাফাঁস করল কলকাতা সাইবার পুলিশ স্টেশন।
সাইবার পুলিশ স্টেশন কেস নম্বর ০২ (তারিখ: ০৭.০১.২০২৬)-এর সূত্র ধরে, গত ০৯.০১.২০২৬ তারিখে কলকাতার পূর্ব যাদবপুর থানা এলাকার অন্তর্গত একটি বিশেষ অভিযান চালানো হয়। ওই অভিযানে প্রতারক চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালীন অভিযুক্তদের হেফাজত থেকে মোট ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে ৮টি অ্যান্ড্রয়েড মোবাইল এবং ৬টি কীপ্যাড মোবাইল ফোন।
প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ফোনকল ও মেসেজের মাধ্যমে সরকারি ঋণ প্রকল্পের নামে সাধারণ মানুষকে প্রলোভন দেখাত। ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন ফি ও চার্জের নামে অর্থ আদায় করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।
ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, এবং প্রতারণার পরিমাণ কত—তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে কলকাতা সাইবার পুলিশ।






