জেলাদেশ

পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে ‘অপারেশন সিঁদুর’, শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বহরমপুরে ‘তিরঙ্গা যাত্রা’

কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৫ জন নিরীহ পর্যটক-সহ মোট ২৬ জনের মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। এই নির্মম ঘটনার কড়া জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী—‘অপারেশন সিঁদুর’ নামক অভিযান চালিয়ে জঙ্গিদের শক্ত ঘাঁটি ধ্বংস করা হয়। এই সাহসী ও দৃঢ় পদক্ষেপের মাধ্যমে ভারতীয় সেনা আবারও প্রমাণ করে দেয়, দেশের বিরুদ্ধে চক্রান্তকারীদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

এই প্রেক্ষাপটে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সাধারণ মানুষের মনে দেশপ্রেম জাগ্রত করতে রবিবার বিকেলে বহরমপুরে আয়োজন করা হয় ‘তিরঙ্গা যাত্রা’র। বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে এই বিশেষ কর্মসূচির সূচনা হয় বহরমপুর পুরনো হাসপাতালের সামনে থেকে। জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং ব্যান্ড দলের দেশাত্মবোধক সুরে মুখর হয়ে ওঠে গোটা অঞ্চল।

যাত্রায় অংশগ্রহণ করেন বিজেপির সর্বস্তরের কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। হাতে তিরঙ্গা ও মুখে দেশপ্রেমের অঙ্গীকার নিয়ে তাঁরা জানান, দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর অবদানের প্রতি তাঁরা চিরঋণী।

‘তিরঙ্গা যাত্রা’র মাধ্যমে দলীয় নেতৃত্ব বার্তা দেন—দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ভারতের সংগ্রাম চলবে, আর এই যুদ্ধে সেনার পাশে থাকবে দেশের প্রতিটি নাগরিক। শহীদদের আত্মবলিদান স্মরণ করে এই পদযাত্রা হয়ে ওঠে এক ঐক্যবদ্ধ দেশপ্রেমের প্রতীক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.