হাওড়া স্টেশন চত্বরে অভিযান চালিয়ে পঞ্জাবের কুখ্যাত গ্যাংয়ের তিন অভিযুক্তকে গ্রেফতার করল গোলাবাড়ি থানার পুলিশ। ধৃতদের নাম করণ পাঠক, তরনদীপ সিং ও আকাশদীপ সিং। তিনজনই পঞ্জাবের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাবাডি খেলোয়াড় রানা বালাচৌর হত্যাকাণ্ডে এই তিনজনের খোঁজ চালাচ্ছিল পঞ্জাব পুলিশের এসটিএফ। ১৫ ডিসেম্বর কাবাডি টুর্নামেন্ট চলাকালীন প্রকাশ্যে গুলিতে খুন হন রানা বালাচৌর। ঘটনার পর থেকেই অভিযুক্তরা কলকাতায় গা ঢাকা দিয়েছিল বলে পুলিশের অনুমান।
গত রাতে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে পালানোর পরিকল্পনা করেছিল ধৃতরা। সেই খবর পেয়ে পঞ্জাব পুলিশের এসটিএফ গোলাবাড়ি থানার পুলিশকে বিষয়টি জানায়। এরপরই হাওড়া স্টেশন চত্বরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর কাবাডি টুর্নামেন্ট চলাকালীন সেলফি তোলার অজুহাতে খেলোয়াড় রানা বালাচৌরকে ডাকা হয়। অভিযোগ, বাইকে করে আসা হামলাকারীরা তাঁর কাছে এসে আচমকা গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মোহালির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশের দাবি, তাঁর মুখ ও শরীরের উপরের অংশে চার থেকে পাঁচটি গুলির চিহ্ন ছিল।
প্রাথমিকভাবে ধৃতদের সঙ্গে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগ থাকার দাবি উঠলেও পরে পুলিশ স্পষ্ট করে জানায়, অভিযুক্তরা তদন্তকে বিভ্রান্ত করতে ওই গ্যাংয়ের নাম ব্যবহার করেছিল।
এই হত্যাকাণ্ড ঘিরে পঞ্জাবের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী দলগুলি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন আম আদমি পার্টি সরকারের সমালোচনা করেছে। বিজেপি, কংগ্রেস ও শিরোমণি আকালি দল—সব পক্ষই প্রকাশ্যে এই ঘটনাকে প্রশাসনিক ব্যর্থতা বলে দাবি করেছে।
ঘটনার তদন্তে পঞ্জাব পুলিশের এসটিএফ ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ধৃতদের পঞ্জাবে নিয়ে গিয়ে রিমান্ডে নেওয়ার প্রস্তুতিও চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।







