বালুরঘাট: পুরসভা কার্যত পুরপিতাহীন। তার জেরেই অচলাবস্থা। ভুগছেন সাফাইকর্মীরা। মকর সংক্রান্তির দিনেও মেলেনি মজুরি। বাধ্য হয়ে কাজ বন্ধ রেখে বালুরঘাট পুরসভার সামনে বিক্ষোভে শামিল হলেন সাফাইকর্মীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতি মাসেই বেতন পেতে দেরি হয়। কিন্তু চলতি মাসে পরিস্থিতি আরও করুণ। সম্প্রতি পুরসভার চেয়ারম্যান পদত্যাগ করায় প্রশাসনিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারই প্রভাব পড়েছে মজুরি প্রদানে। ফলে এখনও পর্যন্ত বেতন পাননি সাফাইকর্মীরা।
মকর সংক্রান্তির উৎসবের দিনে যেখানে ঘরে ঘরে পিঠে-পুলির আয়োজন, সেখানে অনেক সাফাইকর্মীর বাড়িতেই চুল্লি জ্বলেনি বলে অভিযোগ। সংসারের নিত্যপ্রয়োজন মেটানো তো দূরের কথা, পরিবারের সদস্যদের পেটের ভাত জোগাতেই হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
সাফাইকর্মীদের দাবি, অবিলম্বে বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যেন নিয়মিত বেতন দেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে পুরসভাকে। দাবি মানা না হলে আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।







