গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গে ক্রমশ বৃদ্ধি হচ্ছে পূণ্যার্থীদের ভিড়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই পুণ্যতীর্থে পৌঁছতে মানুষের অন্যতম ভরসার জায়গা হল ট্রেন। যার জন্য অস্বাভাবিক ভিড় তৈরি হয়েছিল। এবার সেই পরিস্থিতি সামাল দিতেই বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।
রেল সূত্রে জানা গেছে, গঙ্গাসাগর মেলায় আগত পূণ্যার্থীদের যাত্রা আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ট্রেন পরিষেবা বৃদ্ধি হয়েছে। আগে যেখানে শিয়ালদহ ডিভিশনের তরফে গঙ্গাসাগরগামী মোট ২৩টি ট্রেন চলত, সেখানে যাত্রীচাপ বেড়ে যাওয়ায় নতুন করে আরও ৪টি অতিরিক্ত ট্রেন সংযোজন করা হয়েছে। যার ফলে সব মিলিয়ে এখন মোট ২৭টি ট্রেন গঙ্গাসাগর মেলার সময় চলাচল করবে।
বিশেষ করে কাকদ্বীপ ও নামখানার দিকে যাত্রী ভিড় নজরে আসতেই শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকালগুলিকে নামখানা পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। যার ফলে পূণ্যার্থীদের আর বারবার ট্রেন বদল বা অতিরিক্ত ভোগান্তিতে পরতে হবে না।
রেলের তরফে জানা গেছে, সকাল ৮:১৫ , ১১:০২, দুপুর ১২:৫০ ও বিকেল ৩:৫০ নাগাত ছাড়া শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনগুলি এবার নামখানা পর্যন্ত যাবে। এই সিদ্ধান্তে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে যাতায়াত অনেকটাই সহজ হবে বলে অনুমান করছে রেল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, গঙ্গাসাগর মেলার উপলক্ষ্যে পূণ্যার্থীদের সুবিধাই তাঁদের প্রধান লক্ষ্য। অতিরিক্ত ট্রেন চালুর ফলে ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি যাত্রীরা নিরাপদ ও স্বস্তিতে মেলায় পৌঁছতে পারবেন। রেল কর্তৃপক্ষ আশা করছে, ট্রেন পরিষেবা বাড়ায় গঙ্গাসাগর যাত্রা এবার কিছুটা হলেও চাপমুক্ত হবে।সব মিলিয়ে, গঙ্গাসাগর মেলা ২০২৬-কে সামনে রেখে রেলের এই উদ্যোগ পূণ্যার্থীদের মুখে হাসি ফুটিয়েছে।







