তেলঙ্গানায় যেন পথকুকুর নিধনের উৎসব শুরু হয়েছে! ভোট পাওয়ার জন্য প্রার্থীরা কত রকমেরই না প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কিন্তু সেই অঙ্গীকার পূরণ করতে গিয়ে যে কয়েকশো নিরীহ প্রাণ কেড়ে নেওয়া হবে, তা ছিল ভাবনার বাইরে। কামারেড্ডি জেলায় অন্তত ২০০টি কুকুরকে বিষ খাইয়ে মারার অভিযোগ উঠেছে। শিউরে ওঠার মতো তথ্য হলো, গত এক সপ্তাহেই তেলঙ্গানার বিভিন্ন প্রান্তে প্রায় ৫০০টি পথকুকুরকে এভাবে মেরে ফেলা হয়েছে।
পুরো ঘটনার সূত্রপাত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। গত বছর ডিসেম্বরে ভোটের আগে স্থানীয় প্রার্থীরা গ্রামবাসীদের কথা দিয়েছিলেন যে, জিতলে এলাকাকে কুকুর ও বাঁদরের উপদ্রব থেকে মুক্ত করবেন। গ্রামবাসীদের অভিযোগ, এখন সেই ‘নির্বাচনী প্রতিশ্রুতি’ রক্ষা করতেই অত্যন্ত নিষ্ঠুর পথ বেছে নিয়েছেন জয়ী প্রতিনিধিরা। অভিযোগের তির খোদ পঞ্চায়েত প্রধানসহ মোট ছয়জনের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে যে, তাঁরা রীতিমতো ‘ভাড়াটে খুনি’ লাগিয়ে গ্রামের কুকুরদের সাফ করার অভিযান চালাচ্ছেন।
তদন্তে নেমে পুলিশ দেখেছে, কুকুরগুলোকে মেরে গ্রামের বাইরে নির্জন জায়গায় গর্ত খুঁড়ে চাপা দেওয়া হয়েছে। পশু চিকিৎসকরা সেই দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খাবারের সঙ্গে কড়া বিষ মিশিয়েই এদের মারা হয়েছে। তবে ঠিক কী ধরনের বিষ ব্যবহার করা হয়েছে, তা জানতে ভিসেরা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
মজার বিষয় হলো, পথকুকুরদের সুরক্ষা এবং কামড়ানোর ঘটনা নিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে মামলা চলছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, কুকুর কামড়ালে তার দায়ভার সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনকেই নিতে হবে এবং প্রয়োজনে বড় অঙ্কের ক্ষতিপূরণও দিতে হবে। ঠিক এই সময়েই তেলঙ্গানার এই গণ-হত্যাকাণ্ড সারা দেশে শোরগোল ফেলে দিয়েছে। পশুপ্রেমী সংগঠনগুলি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। ইতিধ্যেই পুলিশ পঞ্চায়েত প্রধানসহ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। এখন দেখার, এই নির্মম অপরাধের শাস্তি কী হয়।







