এসআইআর (Special Intensive Revision) নিয়ে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ, শুনানি বা হিয়ারিং নিয়ে বিতর্কের মাঝেই এবার কেন্দ্রবিন্দুতে উঠে এল ফর্ম–৭। অভিযোগ, এসআইআরের ৭ নম্বর ফর্ম জমা নেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে বাঁকুড়ার ওন্দায় বিডিও অফিসের সামনে ধরনা অবস্থানে বসেছে বিজেপি।
বৃহস্পতিবার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে বিজেপি কর্মীরা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। বিজেপির দাবি, আজকের মধ্যেই যদি ফর্ম–৭ জমা নেওয়া না হয়, তাহলে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে।
উল্লেখ্য, ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ফর্ম–৭ জমা দিতে হয়। সেই ফর্ম জমা না নেওয়ার অভিযোগ ঘিরেই নতুন করে বিতর্ক দানা বাঁধল এসআইআর প্রক্রিয়া নিয়ে। বিজেপির অভিযোগ, পরিকল্পিতভাবে ভোটার তালিকা সংশোধনের অধিকার খর্ব করা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।
এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে ফর্ম–৭ ঘিরে শুরু হওয়া এই বিতর্ক আগামী দিনে রাজনৈতিক চাপ আরও বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।







