জেলা

ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বেলভাঙায় ধুন্ধুমার পরিস্থিতি , রেল-সড়কপথ আটকে বিক্ষোভ জনতার , ঘটনাস্থলে অধীর

রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ উত্তেজিত জনতার। রেললাইনের পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মৃতের বাড়িতেও গেছেন তিনি।

শুক্রবার মুর্শিদাবাদের বেলভাঙার এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে খবর আসে , ঝাড়খণ্ড থেকে উদ্ধার হয়েছে ওই শ্রমিকের মৃতদেহ। খবর পৌঁছাতেই উন্মত্ত জনতা শিয়ালদহ লালগোলা শাখার মহেশপুরে রেললাইনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। রেললাইনে বাঁশ ফেলে বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে পরিস্থিতি আরো উত্তপ্ত হতে শুরু করে। ফলে একাধিক লোকাল , এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে থাকে। রেলপথের পাশাপাশি সড়কপথে টায়ার জ্বালিয়ে অবরোধ চলে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের।

বিক্ষোভের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মৃতের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। এরপর বিক্ষোভ নিয়ে তিনি বলেন ,“বাংলার মুসলমান সম্প্রদায়ের পুরুষ মানুষরা রোজগার বাড়ানোর জন্য বাইরে কাজে যাচ্ছেন। সেখানে তাঁদের যেভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এবার আলাউদ্দিন শেখকে ঝাড়খণ্ডে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে বেলডাঙা বিক্ষোভ-অবরোধ চলছে। আমি বলব অবরোধ তুলে নিতে। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানান। একইভাবে বেলডাঙার প্রশাসনকে বলব, নানারকম ঘটনা ঘটছে মুর্শিদাবাদে। আপনারা তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তি দিন। নাহলে কিন্তু জনরোষ রাস্তায় নেমে এলে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেটা আমরা চাই না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.