পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision) কর্মসূচির আওতায় আপিল শুনানির জন্য পৃথক অ্যাপেলেট ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সুপারিশের ভিত্তিতেই এই ট্রাইব্যুনালগুলি গঠন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বাদ পড়া সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে স্বচ্ছ ও নিরপেক্ষ আপিল প্রক্রিয়া নিশ্চিত করা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলার জন্য একাধিক অবসরপ্রাপ্ত বিচারপতিকে অ্যাপেলেট অথরিটি হিসেবে নিয়োগ করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, নদিয়া, হাওড়া-সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাই এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে ভোটার তালিকা সংশোধন নিয়ে কোনও আপত্তি বা অভিযোগ থাকলে সাধারণ মানুষ নির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপিল জানাতে পারবেন। কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে, সংশ্লিষ্ট বিচারিক আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালেই শুনানি হবে।
আপিল করার ক্ষেত্রেও রাখা হয়েছে দ্বিমুখী ব্যবস্থা। অনলাইনে ECI NET প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করা যাবে, পাশাপাশি জেলা প্রশাসনের (ডিএম/এসডিএম/এসডিও অফিস) মাধ্যমেও সরাসরি আবেদন জমা দেওয়া যাবে। পরবর্তীতে প্রশাসনের দায়িত্ব থাকবে সেই আবেদন ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করার।
নির্বাচন কমিশন জানিয়েছে, ট্রাইব্যুনালগুলি অবিলম্বে কার্যকর হবে। তবে সংশ্লিষ্ট জেলার সমস্ত আপিল নিষ্পত্তি হয়ে গেলে সেই ট্রাইব্যুনালের কার্যক্রমও সমাপ্ত হবে।
নির্বাচনের আগে ভোটার তালিকাকে আরও নির্ভুল রাখা এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে স্বচ্ছ ও আইনি কাঠামোর মধ্যে আনতেই এই উদ্যোগ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।







