বিনোদন

‘বলিউডেও প্রতিফলিত সমাজের বিভাজন’, এ আর রহমান বিতর্কে মেহবুবা মুফতির সমর্থন

অস্কারজয়ী সুরকার এ আর রহমানের সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে বিতর্কে উত্তাল বলিউড। মুসলিম পরিচয়ের কারণে দীর্ঘ আট বছর ধরে বলিউডে কাজের সুযোগ কমে যাওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন রহমান। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।

এক সাক্ষাৎকারে রহমান জানান, গত আট বছরে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে বলিউডে তাঁর কাজ কমেছে। তাঁর দাবি, এর নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজনের প্রভাব থাকতে পারে। যদিও কেউ সরাসরি তাঁকে কিছু বলেননি, তবে কানাঘুষোর মাধ্যমেই তিনি এই বিষয়টি বুঝতে পেরেছেন। রহমান আরও বলেন, কাজ না পেলে কারও অফিসে গিয়ে তদবির করা তাঁর পক্ষে সম্ভব নয়।

এই মন্তব্যের পরেই রহমানের পাশে দাঁড়িয়েছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তাঁর বক্তব্য, রহমান যা বলেছেন সেটাই আজকের ভারতের বাস্তব চিত্র। বলিউড সমাজেরই অংশ, ফলে দেশের ভেতরে যে বৈষম্য ও বিভাজন দেখা যায়, তার প্রতিফলন স্বাভাবিকভাবেই চলচ্চিত্র জগতেও পড়ে।

তবে রহমানের অভিযোগকে মানতে নারাজ প্রবীণ চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার। তাঁর মতে, রহমানের কাজ কমে যাওয়ার পেছনে কোনও সাম্প্রদায়িক কারণ নেই। বরং তিনি এতটাই বড় মাপের শিল্পী যে অনেক নির্মাতা ছোট প্রজেক্টে তাঁকে কাজের প্রস্তাব দিতে সাহস পান না।

জাভেদ আখতারের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন মেহবুবা মুফতি। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ভারতের মুসলিমদের বাস্তব অভিজ্ঞতাকে অস্বীকার করা যায় না। এমনকি শাবানা আজমিকেও মুসলিম পরিচয়ের কারণে বাসস্থান পেতে সমস্যায় পড়তে হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

এই বিতর্কে কঙ্গনা রানাওয়াতও রহমানকে আক্রমণ করেছেন। সব মিলিয়ে ধর্ম, রাজনীতি ও শিল্প—এই তিনের সংমিশ্রণে বলিউডে নতুন করে মেরুকরণের ছবি স্পষ্ট হয়ে উঠছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.